অর্থ পাচার: বাংলাদেশ ব্যাংকের উপর ক্ষোভ সংসদীয় কমিটির
বাংলাদেশ থেকে অর্থ পাচারের ঘটনায় এখনও কাউকে চিহ্নিত করতে না পারায় কেন্দ্রীয় ব্যাংকের কাজে ক্ষোভ জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের কাজ নিয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৩ সালে ৯৯৬ কোটি টাকা পাচার হয়েছে। গত ১০ বছরের প্রতি বছর গড়ে ৫০০ কোটি টাকা করে পাচার হয়েছে। ওভার ইনভয়েস-আন্ডার ভয়েস করে টাকা পাচার হচ্ছে। ফাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের কাজটা কী?
“আমরা এ বিষয়টা নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছি। কানাডার বেগম পাড়ায় টাকা পাচার হয়। মালয়েশিয়ায় সেকেন্ড হোম এ আমরা তৃতীয় হয়েছি। এখন পর্যন্ত একজনকেও চিহ্নিত করা যায়নি। একটা কেসও তুলে ধরতে পারেনি।”
সাবেক এই মন্ত্রী আরও বলেন, “২০১৫ সালের মে মাসে ৪০০-৫০০ মার্কিন ডলারের চাল ৮০০-১০০০ ডলার দেখিয়ে আমদানি করা হয়েছে। এই বিষয়গুলো তদন্ত করে দেখতে হবে।”
কার্যপত্রে বলা হয়েছে, পণ্যের শ্রেণি বিন্যাসকরণ ও শুল্ক মূল্যায়ন অত্যন্ত জটিল বিষয় হওয়ায় এ বিষয়ে শুল্ক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করতে হবে।
রাজ্জাক বলেন, “২০১৪-১৫ সালে ক্যাপিটাল আইটেম দেখিয়ে কী আনা হয়েছে সেগুলো কী দেখা হয়েছে? দেশে ইনভেস্টমেন্ট নেই। সবাই এফডিআই আনতে চাচ্ছে আর আমাদের টাকা পাচার হয়ে যাচ্ছে।”
৩০ সেপ্টেম্বরের পর এবি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
এবি ব্যাংকের অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে পাচার করা টাকা ফেরত আনার বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যবস্থা না নিলে বেসরকারি ব্যাংকটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।
সংসদীয় কমিটির কার্যপত্র থেকে এ বিষয়টি জানা গেছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, এবি ব্যাংকের অফশোর ইউনিট থেকে চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৩৪০ কোটি) বের করে নেওয়া হয়েছে। ঋণের অর্থ অন্য হিসাবে নিয়ে পাচার হয়েছে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে।
কমিটির সভাপতি রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, “এবি ব্যাংক স্বীকার করেছে, তাদের কিছু ভুল-ব্যর্থতা ছিল। তবে ৪০ শতাংশ টাকা তারা রিকভারি করেছে। বাকিটা আনবে। বাংলাদেশ ব্যাংক তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে ব্যবস্থা না করলে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
কার্যপত্র থেকে জানা গেছে, অফশোর ইউনিটের ঋণ প্রস্তাব বিশ্লেষণ, ঋণ মঞ্জুরি প্রক্রিয়া এবং ঋণ বিতরণ পরবর্তী মনিটরিং ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংক এবি ব্যাংককে চিঠি দেয়। গত ৩১ মে এবি ব্যাংকের দেওয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক আবার চিঠি দেয়। নইলে ব্যাংক কোম্পানি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে এ বি ব্যাংককে জানানো হয়।
এবি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সুদসহ সব পাওনা পরিশোধ করেছে। অন্য তিনটি প্রতিষ্ঠান তাদের গৃহীত ঋণের আংশিক পরিশোধ করেছে।
এবি ব্যাংক ঋণ পরিশোধ ও শ্রেণীকরণের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর বাড়ানোর আবেদন জানালে কেন্দ্রীয় ব্যাংক ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ায়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদীয় কমিটির বৈঠকে এবি ব্যাংক থেকে প্রদত্ত অফশোর ব্যাংকিং মাধ্যমে ঋণ ফেরত পাওয়ার জন্য এবং এ ঋণ প্রদানে যদি অনিয়ম হয়ে থাকে সেটি অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে।
“বৈঠকে বেসিক ব্যাংকের অনিয়ম, দুর্নীতি এবং নানা অপকর্মের সাথে সম্পৃক্ত চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সম্পৃক্ততার যে সব তথ্যাদি কমিটির কাছে পাওয়া গেছে সেগুলো তদন্তের স্বার্থে দুদকের নিকট প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।”
