২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপি বাস্তবায়নে সমন্বয়ের অভাব: অর্থমন্ত্রী

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সমন্বয়ের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 08:50 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

সচিবালয়ে মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলেনের প্রথম দিন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।

এডিপি বাস্তবায়ন নিয়ে ডিসিদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না- এমন প্রশ্নে মুহিত বলেন, “এখানে বেসিক প্রবলেম হলো কোঅর্ডিনেশন।

“ট্রেজারিগুলোর খুব দুরাবস্থা আছে। সেজন্য আমরা তাদের (ডিসি) বলেছি জনপ্রশাসন মন্ত্রণালয় যদি দেশব্যাপী ট্রেজারি কনস্ট্রাকশনে একটা প্রোজেক্ট নেয় আমরা সেটা সাপোর্ট করব।”

“অবসরের পর সরকারি চাকরিজীবীদের ঘরবাড়ি নির্মাণের ঋণ নেওয়ার সমস্যা হয়, এসব বিষয়ে তারা বলেছেন। আসলে সব সরকারি চাকরিজীবীরই এই সমস্যা হয়। আমরা ইতোমধ্যে দেখছি অন্য দেশে কীভাবে এই সমস্যার সমাধান হয়।”

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “কৃষি ব্যাংক এনজিওর মাধ্যমে যে ঋণ দেয় তাতে আপত্তি জানিয়ে ডিসিরা বলেছেন, এতে কষ্ট অব ফান্ডস বেশি হয়ে যায়। সরাসরি যেন এই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করতে ডিসিরা বলেছেন। অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন এটা তিনি দেখবেন।”

নিরাপত্তা নিয়ে ব্যাংকগুলো ভয়-ভীতির মধ্যে আছে উল্লেখ করে কামাল বলেন, “কীভাবে সিকিউরিটি বাড়ানো যায় তা ডিসিরা আলাপ করেছেন।

“অনেক জায়গায় সিটি টিভি ক্যামেরা নেই, স্ক্যানার মেশিন নেই। আমি তাদের আশ্বস্ত করেছি অর্থ বিভাগ এ ধরনের প্রকল্প নিয়ে আসলে আমরা দ্রুত অর্থায়ন করতে পারব।”

ট্রেজারি বিল্ডিংয়ের সমস্যা মোকাবেলায় ডিসিদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের আবাসন সুবিধা দিতে কম সুদে ৫০ লাখ টাকা ঋণ বা অন্য কোনো সুবিধাজনক পরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টি অর্থ বিভাগ পরীক্ষা করে দেখবে।

“কোর্ট ফি জালিয়াতি রোধে ভেন্ডরদের মনিটর করতে জেলা পর্যায়ে আন্তঃবিভাগীয় কমিটি গঠন করা হবে। সীমান্ত এলাকায় নতুন করে কাস্টমস অফিস বা করিডোর স্থাপনের বিষয়টি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পরীক্ষা করে দেখবে।”

এছাড়া সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রম করতে পারবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্ষেত্রে ডিসিরা নিজ জেলায় বিষয়টি নজরদারি করতে পারেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এই কার্যাধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।