২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে বিশ্ব ব্যাংকের আরও ১৩ কোটি ডলার

বাংলাদেশের নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোর উন্নয়নে ১৩ কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 12:45 AM

Updated : 20 Aug 2022, 01:02 PM

প্রাইভেট সেক্টর ভেডেলপমেন্ট সাপোর্ট প্রজেক্টে (পিএসডিএসপি) নতুন করে এই অর্থ দেওয়া হচ্ছে বলে বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম এবং বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার এ বিষয়ে রোববার একটি চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী এই ঋণের জন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে বিশ্ব ব্যাংককে। ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ সময় পাবে ৩৮ বছর। গ্রেস পিরিয়ড থাকছে ৬ বছর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লাইসেন্স পাওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোর উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। দেশ-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও প্রকল্প এলাকা দ্রুত উপযোগী করে গড়ে তোলাই এই ঋণের লক্ষ্য।

পিএসডিএসপির আওতায় গত দুই বছরে দেশের বিভিন্ন স্থানে ১৬টি অর্থনৈতিক অঞ্চল ও হাই টেক পার্কের অনুমোদন ও অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দেওয়া হয়। নতুন করে ৩৩টি জায়গায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ও পর্যালোচনা করা হয় এই প্রকল্প থেকে।

প্রকল্পে আসা নতুন এই অর্থ দিয়ে নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, ইউটিলিটি নেটওয়ার্ক স্থাপন, ইটিপি ও পানি ব্যবস্থাপনা প্লান্ট স্থাপনসহ নানা কাজ করা হবে। কাজ হবে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের উদ্যোগ আনার ক্ষেত্রেও।

বিশ্ব ব্যাংক কর্মকর্তা রাজশ্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশের প্রক্রিয়াজাতকরণ খাতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা দরকার।

“অর্থনৈতিক অঞ্চলে অনেক মুনাফা হওয়ায় তা বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আগামী ১৫ বছরে বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়েছে তা পূরণে এই ঋণের অর্থ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।