২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা উত্তরে ফুটপাত-নর্দমা উন্নয়নে একনেকে প্রকল্প অনুমোদন

ঢাকা উত্তর সিটির কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ ও পথচারীদের হাঁটার সুবিধা বাড়িয়ে যানজট কমানোসহ সড়ক নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 10:07 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

এ লক্ষ্যে ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এক হাজার ২৬ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি ২০১৮ সালের মধ্যে শেষ করার মেয়াদ ধরা হয়েছে বলে সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রকল্পের মেয়াদ ২০১৮ সাল ধরা হলেও এটি তার আগেই বাস্তবায়ন করতে হবে বলে সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

সভায় এই প্রকল্পসহ সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রকল্পগুলোর সম্মিলিত ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৩২৬ কোটি ৫০ লাখ টাকা।

এর মধ্যে সরকারি তহবিল থেকে দুই হাজার ৯৭২ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে প্রায় ৩৫৫ কোটি টাকার যোগান দেওয়া হবে বলেও জানান মন্ত্রী মুস্তফা কামাল।

ঢাকা উত্তরের যানজট কমাতে গৃহীত প্রকল্পটির প্রকল্প প্রস্তাবনায় দেখা যায়, জনসংখ্যার বিবেচনায় ঢাকা একটি মেগাসিটি হিসেবে পরিচিত। কিন্তু শহরের বিদ্যমান রাস্তা, যোগাযোগ ব্যবস্থা পরিকল্পিত মহানগরীর তুলনায় নিম্নমানের।

নগরীর ফুটপাতগুলোও চলাচলের জন্য প্রায় অনুপযোগী। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ড্রেনেজ অপ্রতুলতার কারণে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের হাটাচলায় কঠিন হয়ে যাচ্ছে।

এতে আরও বলা হয়, “সড়ক সংলগ্ন প্রাথমিক ড্রেনেজ না থাকার কারণে বিদ্যমান সেকেন্ডারি বা টারশিয়ারি ড্রেন যথাযথ কাজ করছে না। একটু ভারি বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সড়কগুলো নির্ধারিত মেয়াদ পর্যন্ত টেকেনা। এছাড়াও মহানগরীর জলাবদ্ধতার ফলে সরবরাহকৃত পানির সাথে নর্দমার পানি মিশে বিভিন্ন রকম পানিবাহিত রোগের প্রকোপ দেখা দেয়।”

প্রকল্পটির মাধ্যমে প্রায় ২০৫ কিলোমিটার রাস্তার উন্নয়ন, ২৬৭ কিলোমিটার ড্রেন নির্মাণ, ১১৯ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের যানজট নিরসন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণসহ পথচারীদের হাঁটার সুবিধা বাড়ানো হবে বলে দাবি করা হয়।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে- বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্প (প্রথম সংশোধিত), এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ১২৫ কোটি ৫৯ লাখ টাকা।

মিলিটারি ফার্ম আধুনিকায়ন প্রকল্প (প্রথম সংশোধিত), এর ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৬৪ লাখ টাকা।

হরিশপুর বাইপাস মোড় থেকে বনবেলঘরিয়া বাইপাস মোড় পর্যন্ত নাটোর শহরের প্রধান সড়কের মিডিয়াসহ পেভমেন্ট প্রসস্থকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ টাকা।

ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট ফর ইমপ্লিমেন্টেশন অব গজারিয়া ৩৫০ মেগাওয়াট কোল ফায়ার্ড থারমাল পাওয়ার প্লান্ট প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫০৪ কোটি ২৩ লাখ টাকা।

ভোলার বোরহান উদ্দিন উপজেলায় মেঘনা নদীর ভাঙন থেকে শাহবাজপুর গ্যাস ফিল্ড রক্ষা (২য় পর্যায়) প্রকল্প, দ্বিতীয় সংশোধিত প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৮৭ লাখ টাকা।

এছাড়া ২৮১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।