২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটের লক্ষ্যমাত্রা এবারও অর্জিত হবে না: রওশন

চলতি অর্থবছরের মতো আসছে বছরের প্রস্তাবিত বাজেটে যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেগুলো সরকার অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 02:57 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

রাজস্ব আদায়ের বড় লক্ষ্য ও বাজেট ঘাটতি পূরণ নিয়ে সংশয় এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের অদক্ষতা ও উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন না হওয়ার কথা তুলে ধরেছেন তিনি।

রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে রওশন বলেন, “গতবারেও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি; এবারেও পারবে না।”

২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের ফর্দ ধরে বৃহস্পতিবার সংসদে বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই ব্যয় মেটাতে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরেছেন মুহিত।

জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন বলেন, “গতবারের চেয়ে এবার অনেক বেশি টাকা ধার্য করা হয়েছে। গতবারের পুরোটা কী বাস্তবায়ন করতে পেরেছি? পারি নাই। এবারের বাজেট অনেক বেশি উচ্চাভিলাষী।

জিডিপির পাঁচ শতাংশ ধরে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকার বাজেট ঘাটতির মধ্যে বিদেশি উৎস ছাড়া ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকার ঋণের লক্ষ্য ধরা হয়েছে।

এই ঘাটতি মেটানোর উপায় নিয়ে সংশয় প্রকাশ করে রওশন বলেন, “এতো ঘাটতি মাথায় নিয়ে ‘প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা’র পথ রচনা কীভাবে সম্ভব?

“অর্থমন্ত্রী অনেক কষ্ট করে হিসেব মিলিয়ে বাজেট দিয়েছেন; কিন্তু আয়-ব্যয়ের মধ্যে মিল খুঁজে পাই না। … অর্থমন্ত্রী স্বপ্ন দেখছেন, জনগণ কী দেখতে পারছে?”

রাজস্ব আদায়ের বিষয়ে সংশয় তুলে ধরে তিনি বলেন, “রাজস্ব আদায়ের যে লক্ষ্য ধরা হয়েছে সেটা কীভাবে আসবে? মানুষের যে গড় বার্ষিক আয় তাতে সে কীভাবে ট্যাক্স দেবে?”

প্রস্তাবিত বাজেটে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনার এবং ৭.২% প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছে। চলতি বাজার মূল্যে জিডিপির (মোট দেশজ উৎপাদন) আকার ধরা হয়েছে ১৯ লাখ ৬১ হাজার ১৭ কোটি টাকা।

এই প্রবৃদ্ধি অর্জনে বাধা হিসেবে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়া ও বিনিয়োগ বোর্ডের অদক্ষতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা।

“বিনিয়োগ বোর্ডে যোগ্য লোক নিয়োগ দিতে হবে। আমি পরিকল্পনামন্ত্রীকে দেওয়ার প্রস্তাব করেছিলাম। ফাইল পড়ে থাকে। রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। বিদেশিরাতো দূরের কথা দেশের লোকই বিনিয়োগ করতে ভরসা পাচ্ছে না। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান হবে না।”

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বড় প্রকল্পের বাস্তবায়নের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রওশন বলেন, “বড় প্রকল্পে আমরা এখনও অভ্যস্ত হইনি। কোনো প্রকল্প বাস্তবায়ন হয় না। পাশের দেশগুলোতে যে টাকা লাগে আমাদের সেখানে অনেক বেশি টাকা লাগে।

“বড় বাজেট দেওয়াটা বিশাল কথা নয়, বাস্তবায়নটাই আসল কথা।”

মোবাইল ফোনে ওপর সম্পূরক শূল্ক বাড়িয়ে ৫ শতাংশ হারে আরোপের বিরোধিতাও করেন রওশন।

“অনেক গরীব মানুষ মোবাইল ব্যবহার করে। গতবার কর আরোপ করে এবার করের ওপর কর- এটা ঠিক না। আগেরবার যেটা ছিল, সেটা রাখলেই ভালো হতো।”

শিক্ষা-স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়লেও সেটাকে অপ্রতুল বলে আখ্যা দিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, “গতবার অর্থমন্ত্রী ভুলে গিয়েছিলেন শিক্ষা মৌলিক অধিকার। সেজন্য তিনি ভ্যাট বসিয়েছিলেন। যাহোক এবার সেটা দেননি। স্বাস্থ্যখাতে ২ পার্সেন্ট বরাদ্দ বেড়েছে। সেটা অপ্রতুল। সরকারের চেষ্টা সামান্য।

“শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। দেশের শিক্ষা মানসম্মত নয়। শুধু জিপিএ-৫ পেলেতো হবে না।

প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারের জন্য বিশেষ কিছু না থাকা, রিজার্ভ চুরি, এটিএম বুথ থেকে টাকার চুরি- এসব নিয়ে কোনো বক্তব্য না থাকার সমালোচনা করেন তিনি।

মন্ত্রিসভার কয়েকটি পদে থাকা জাতীয় পার্টি বাজেট বাস্তবায়নের দায় নেবে কীনা জানতে চাইলে রওশন  বলেন, “প্রশ্নতো আছেই। আলোচনা করে আপনাদের জানাবো।”

বাজেট প্রতিক্রিয়া দেরিতে দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বাজেটের পরে এমপিরা এলাকায় চলে গিয়েছিল। এজন্য দেরি হয়েছে।”

সংসদে বাজেটের ওপর আলোচনায় তার দল প্রস্তাবিত বাজেটের সমালোচনা করবে বলেও জানান তিনি।

জাতীয় পার্টি জ্যেষ্ঠ সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, স্থানীয় সরতকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, হুইপ নুরুল ইসলাম ওমর, ফখরুল ইমাম ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।