আইডিবিকে সুদ হার কমাতে বললেন প্রধানমন্ত্রী
ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ঋণের সুদের হার কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইডিবির ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ তিকতিক শনিবার রাতে জেদ্দায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে এ আহ্বান জানান শেখ হাসিনা।
জেদ্দা কনফারেন্স সেন্টারে এ সাক্ষাতের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বিস্তারিত জানান।
পররাষ্ট্র সচিব বলেন, “আইডিবির লোনটা কমপেটিটিভ হতে হবে। লোনের ইন্টারেস্ট রেটটা কমাতে হবে। এই প্রস্তাবটা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী।”
আইডিবি গ্রুপের স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) সদস্য দেশগুলোর মধ্যে অর্থায়নের বিষয়টি দেখভাল করে। বাংলাদেশ মূলত জ্বালানি তেল কেনার ক্ষেত্রে আইটিএফসির কাছ থেকে ঋণ নেয়।
শহীদুল হক বলেন, আইডিবি ‘ইসলামিক ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক’ করার জন্য একটি বড় উদ্যোগ নিচ্ছে। এর মধ্য দিয়ে বড় বড় প্রকল্পে অর্থায়ন করা হবে।
“প্রধানমন্ত্রী এই উদ্যোগে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন,” বলেন শহীদুল হক।
পররাষ্ট্র সচিব বলেন, বিভিন্ন দেশে আইডিবির পাঁচটি অফিস হবে, তার মধ্যে একটি হবে বাংলাদেশে।
“বাংলাদেশে এ বছরের শেষ নাগাদ আইডিবির অফিস ওপেন হবে। এটা হবে কান্ট্রি গেইটওয়ে অফিস।”
কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ফায়েল খায়ের কর্মসূচির আওতায় বাংলাদেশে ১৭৩টি ‘সাইক্লোন সেন্টার কাম স্কুল’ নির্মাণ প্রকল্পের কথা বৈঠকে তুলে ধরেন আইডিবির ভারপ্রাপ্ত সভাপতি।
তাকে উদ্ধৃত করে পররাষ্ট্রসচিব বলেন, ওই প্রকল্পে ১৩ কোটি ডলার দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৯০টি সেন্টারের কাজও শেষ হয়েছে।
“আগামী বছর আইডিবি বাংলাদেশে ১০টি মোবাইল ক্লিনিক করবে। এতে গ্রাম ও দুর্গম এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পাবে।”
পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, ৭ শতাংশ প্রবৃদ্ধিসহ বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শুক্রবার রাতে সৌদি আরবে পৌঁছে প্রথমেই ওমরাহ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওমরাহ শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শনিবার বিকালে জেদ্দা কনফারেন্স প্যালেসে আসেন। জেদ্দায় সেখানেই তিনি অবস্থান করছেন।
সৌদি বাদশাহ সালমান দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। এর আগে ২০১৩ সালের নভেম্বরে ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন শেখ হাসিনা।
রোববার সকালে জেদ্দায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দুপুরে আল আন্দালুসে আল সালাম প্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে।
মদিনায় গিয়ে হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারতের পর মঙ্গলবার সকালে দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।
