শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে আগ্রহী দেশি নির্মাতারা
মৌলভীবাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজার) শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে দেশের ১১টি নির্মাণ প্রতিষ্ঠান।
৩৫০ একর জমিতে নির্মাণাধীন এই অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নে আগ্রহী এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে রোববার বৈঠক করেন বেজা কর্মকর্তারা।
বৈঠকে ওরিয়ন ইনফ্রাস্টাকচার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ, এনসি কনস্ট্রাকশন, হায়ার, ইউনাইটেড গ্রুপ, বেংগল গ্রুপ, আব্দুল মোনেম কোম্পানি, চায়না-বাংলা ফেন্ডশিপ জেভি, ইপকো ডেভেলপমেন্ট ও রিভার স্টোন ক্যাপিটাল এর প্রতিনিধিরা অংশ নেন।
বেজা কর্মকর্তারা জানান, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে আগ্রহ জানতে চেয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। যারা আগ্রহ দেখিয়েছেন তাদেরকে ‘প্রি-বিড মিটিংয়ে’ কাজের ধরন সম্পর্কে জানানো হয়েছে।
বেজার সম্মেলন কক্ষে ওই বৈঠকে অন্যদের মধ্যে নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, পরিকল্পনা বিভাগের মহাব্যবস্থাপক মোস্তাক আহম্মেদ, নির্বাহী সদস্য শওকত আলী ও শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রকল্প পরিচালক হারুনুর রশিদ অর্থনৈতিক অঞ্চলটির সার্বিক বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মোস্তাক আহম্মেদ বলেন, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩০ হাজার লোকের কর্মসংস্থান হবে। অঞ্চলটির ভূমি উন্নয়ন, গ্যাস সরবরাহ, বিদুৎ সংযোগ ও প্রশাসনিক ভবন নির্মাণের দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পবন চোধুরী বলেন, আগ্রহী ১১টি ডেভেলপার প্রতিষ্ঠান থেকে একটিকে নির্বাচন করে দ্রুত অঞ্চলটি চালু করা হবে। এতে করে সিলেট অঞ্চলে ব্যাপক উন্নয়ন করা হবে।
শ্রীহট্ট জোনে গ্যাস সংযোগ দিতে জালালাবাদ গ্যাস কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, গ্যাসভিত্তিক শিল্পের জন্য শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল হবে সবচেয়ে উৎকৃষ্ট স্থান।
