২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫% ভ্যাট: অর্থমন্ত্রীর নরম সুর

আগামী অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই মাস থেকে ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ শতাংশ ভ্যাট আদায়ের ঘোষণা থেকে সরে এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 11:33 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রোববার দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তিনি এই বিষয়ে সিদ্ধান্তের জন্য আসছে বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

অথচ গত ২৮ এপ্রিল এই ব্যবসায়ীদের সঙ্গে আরেক বৈঠকে বলেছিলেন, পহেলা জুলাই থেকেই ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হবে।

ওই বৈঠকে এবং রোববারের বৈঠকেও ব্যবসায়ী নেতারা ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে আগের মতো প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি জানিয়েছেন।

রোববার এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মুহিত সাংবাদিকদের বলেন, “তাদের অনেক দাবি, মাল্টিপল রেট দরকার, টার্নওভার ট্যাক্স দরকার। হ্যাঁ, টার্নওভার ট্যাক্স থাকবে। সেটা ঠিকই আছে।

“মেইন ইস্যু ইজ মাল্টিপল ভ্যাট রেট। আমরা এখন আর কিছু বলবই না, বাজেটে দেখা যাবে। উনাদেরকেও কিছু বলি নাই।”

তাহলে কি এই বিষয়ে সংশোধন আসছে- এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সংশোধনী কেন, আমি তো বানাই-ই নাই এখনও। এট দি মোমেন্ট দেয়ার ইজ অনলি ওয়ান রেট, ১৫ পারসেন্ট। দিস ল উড বি এনফোর্স ফ্রম দি ফার্স্ট অব জুলাই। এভরি বডি নোজ হোয়াট ইট ইজ। টার্ন ওভার ট্যাক্স আছে, থাকবে।”

নতুন ভ্যাট আইন বাস্তবায়নে আইএমএফের সঙ্গে একটি চুক্তির কথা কথা মনে করিয়ে দিলে তিনি বলেন, “আইএমএফ ইজ নট ইনভলভড। খামাখা…। যারা জানে না, তারা আইএমএফের কথা বলে। খামাখা…।”

চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের ঘোষণা দেওয়া হয়েছিল, যা আগামী ১ জুলাই থেকে কার্যকরের কথা রয়েছে।

গত ২৮ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় ভ্যাট ১৫ শতাংশই রাখা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

তবে এই আইন বাস্তবায়নের আগে একবার ব্যবসায়ীদের সঙ্গে বসার ঘোষণাও দেন তিনি। রোববার সেই বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এফবিসিসিআই নেতাদের সঙ্গে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত বৈঠক করেন অর্থমন্ত্রী।

এরপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন মুহিত।

এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন,  “২০১২ সালের যে ভ্যাট আইন তৈরি হয়েছিল, তার পর থেকে ধারাবাহিকভাবে এফবিসিসিআই এবং এনবিআরের সমন্বয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। দীর্ঘ আলোচনার পর সেখানে একটা সলিড রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল।

“সেই সুপারিশ অনুসারে আমরা অনুরোধ করেছি, নতুন ভ্যাট আইনে অনেক ভালো দিক আছে, যেগুলো আমাদের বাজেটে টাকাও আদায় হবে, কিন্তু সহনীয় পর্যায়ে বিজনেস কমিউনিটি সেটা করবে। সেই লক্ষ্যে আমাদের ধারাবাহিক আলোচনার আরেকটি আলোচনা এখানে অনুষ্ঠিত হল। এই আলোচনায় অর্থমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এগুলো বসে আলোচনা করে সমাধানের পথ খোঁজ হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি আইন হওয়ার পর আবার রিভিউ’র জন্য আলোচনা হতে পারে।”

এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, “আলী আহমদ সাহেবের নেতৃত্বে যে কমিটি হয়েছিল, সেই কমিটির সুপারিশটাই আমরা আলোচনা করেছি, সরকার মোটামুটিভাবে কনভিন্সড। এর মধ্য থেকে সরকার হয়তো বা কিছু পর্যায়ক্রমে করবে। মাল্টিপল করার চিন্তা-ভাবনা আছে।

“এই আইনটা বাস্তবায়ন হচ্ছে, বাস্তবায়ন হওয়ার আগে আমাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে, সেই সমঝোতা কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটাই আলোচনা করেছে।”

ধাপভিত্তিক ভ্যাটে সরকার মোটামুটি সম্মত বলেও মন্তব্য করেন তিনি।  

এনবিআরের ওই সভায় মুহিত বলেছিলেন, “আমার নিজের প্রেফারেন্সটা হল, ওই ১৫ শতাংশ (ভ্যাট) রাখি, কিছুদিন রাখি, যাতে তারপরে উই ক্যান গ্রেইড আওয়ার প্রোডাক্টস।

“বিভিন্ন দেশে একের বেশি গ্রেড আছে। বৃটেনে যখন শুরু হলো তখন এটা প্রায় সাড়ে সাত শতাংশ ছিল। এখন তো ২০ শতাংশ, ৩ শতাংশ, ২ শতাংশ, ১ শতাংশ সবই আছে। আমাদেরও সেই রকম হবে।”

এনবিআরের পরামর্শক সভায় এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ ক্ষুদ্র ও খুচরা ব্যবসায় পর্যায়ে বিদ্যমান প্যাকেজ ভ্যাট বা মূসক ব্যবস্থা ২০২১ সাল পর্যন্ত বহাল রাখার দাবি জানান।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১৮ হাজার টাকা; অন্য সিটি করপোরেশন এলাকায় ১৪ হাজার টাকা; জেলা শহরের পৌর এলাকায় ১০ হাজার টাকা এবং দেশের অন্য এলাকা ৫ হাজার টাকা করার প্রস্তাব করেছিলেন মাতলুব আহমাদ।