রিজার্ভ চুরি: ফিলিপিন্স থেকে ফেরত আসছে সোয়া ২ লাখ ডলার
‘হ্যাকিংয়ের’ মাধ্যমে ফিলিপিন্সে সরানো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার স্থানীয় মুদ্রা পেসোতে রূপান্তরকারী মুদ্রা বিনিময় কোম্পানি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিনিময় বাবদ তাদের আয় ফেরত দেবে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার ফিলিপিন্সের প্রশাসনিক জবাবদিহিতা ও অনুসন্ধান সংক্রান্ত সিনেট কমিটির (ব্লু রিবন কমিটি) শুনানিতে উপস্থিত হয়ে এ কথা বলেন ফিলরেম সার্ভিস ইনকরপোরেশন নামে ওই মুদ্রা বিনিময় কোম্পানির প্রেসিডেন্ট সালুদ বাউতিস্তা।
বিনিময় করা মুদ্রা বাংলাদেশের চুরি করা অর্থ থেকে এটি তার কোম্পানি জানত না দাবি করে তিনি বলেন, “আমরা দুঃখিত।”
এই মুদ্রা বিনিময় থেকে তাদের পাওয়া স্থানীয় মুদ্রায় এক কোটি চার লাখ ৭৪ হাজার ৬৫৪ পেসো বা প্রায় দুই লাখ ২৬ হাজার ডলার দ্রুতই বাংলাদেশ সরকারের নামে একটি চেক লিখে ফেরত দেওয়া হবে বলে শুনানিতে বলেন তিনি।
গত মাসে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে ভুয়া নির্দেশনা পাঠিয়ে বাংলাদেশের প্রায় এক বিলিয়ন টাকা সরানোর চেষ্টা হয়।
এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার যায় ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) চারটি অ্যাকাউন্টে। সেখান থেকে স্থানীয় মুদ্রা পেসোতে রূপান্তরের পর ওই টাকার একটি অংশ চলে যায় দুটি ক্যাসিনোতে।
জুয়ার টেবিলে আয় বৈধ করার সুযোগ নিয়ে হাতবদলের মাধ্যমে পাচার হয়ে যায় ওই টাকা।
ফিলিপিন্সের ইনকোয়ারার পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন হলে মার্সের শুরুতে বিষয়টি প্রকাশ্যে আসে।
