সড়ক-সেতু নির্মাণের দুই প্রকল্পে পরামর্শক নিয়োগে চুক্তি
জাইকার অর্থায়নে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সড়ক ও সেতু নির্মাণের দুটি প্রকল্পে পরামর্শকদের সঙ্গে চুক্তি সই হয়েছে।
প্রকল্প দুটির মধ্যে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (ডব্লিউবিবিআইপি) আওতায় ২৪ জেলায় দুই হাজার ৯১১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬১টি সেতু নির্মাণ এবং ৬০২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাড়ে ৪৩ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কার করা হবে।
ডব্লিউবিবিআইপির পরামর্শক হিসাবে রয়েছে জাপানের ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানিসহ চারটি প্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়ার স্মেক ইন্টারন্যাশনালসহ চারটি প্রতিষ্ঠান রয়েছে মাতারবাড়ি সংযোগ সড়ক প্রকল্পে।
পরে দুটি প্রকল্পের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, ডব্লিউবিবিআই প্রজেক্টে ২ হাজার ৯১১ কোটি টাকার মধ্যে জাইকার প্রকল্প সাহায্য ১ হাজার ৯০৫ কোটি ১৯ লাখ টাকা, বাকি ১ হাজার ৬ কোটি ৫৫ লাখ টাকা আসবে সরকারি খাত থেকে। এর মধ্যে পরামর্শ সেবার ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ২৩ লাখ টাকা।
এই প্রকল্পের মেয়াদ আগামী ১ অক্টোবর ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত।
মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের সংযোগ সড়কের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার ৪৩ দশমিক ৬৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ ও সংস্কারের পাশাপাশি কোহেলিয়া নদীর উপর ৬৪০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু ও দুটি জেটি নির্মাণ করা হবে।
“মোট সড়কের মধ্যে ১০ দশমিক ৩১ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, ২০ দশমিক ৫৫ কিলোমিটার সড়ক মেরামত এবং ১২ দশমিক ৮০ কিলোমিটার সড়ক পুনর্বাসন করা হবে।”
এই প্রকল্পের মেয়াদ আগামী ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত।
এ প্রকল্পের মোট ব্যয় ৬০২ কোটি ৩২ লাখ টাকার মধ্যে ৫০৪ কোটি ৭১ লাখ টাকা আসবে জাইকার প্রকল্প সাহায্য থেকে। আর সরকারি খাত থেকে আসবে ৯৭ কোটি ৬০ লাখ টাকা।
এর মধ্যে পরামর্শক সেবার ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ টাকা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বাংলাদেশে জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি তাকু ইয়ামাবে বক্তব্য দেন।
