২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগ টানতে ক্যানচ্যামের সঙ্গে চুক্তি

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ক্যানচ্যাম) সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বিনিয়োগ বোর্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 12:10 AM

Updated : 20 Aug 2022, 11:58 AM

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিনিয়োগ বোর্ডের পক্ষে নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মণ্ডল এবং ক্যানচ্যামের পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক মাসুদ রানা এতে সই করেন।

ক্যানচ্যামের আয়োজনে কানাডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বিনিয়োগ বিষয়ক একটি সম্মেলনে বাংলাদেশ সংশ্লিষ্ট ২৩টি বিদেশি চেম্বারের অংশগ্রহণের বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে সমঝোতা স্মারকে।

এছাড়া বাংলাদেশে বিনিয়োগের জন্য ক্যানচ্যাম যাতে কানাডায় প্রচারণা চালাতে পারে সে বিষয়টিও এতে স্থান পেয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তিনি বলেন, “বিনিয়োগ বাড়াতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশে নতুন শিল্পায়নের ক্ষেত্রে এখন প্রধান সমস্যা জ্বালানি। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদকে সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি উদ্ভাবনের পরামর্শ দিয়েছেন, যা শিল্প উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।”

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকার অর্ধশতাধিক ‘বড়’ প্রকল্প হাতে নিয়েছে বলে জানান উপদেষ্টা।

“এগুলো বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের আওতা বাড়বে। শিল্প কারখানাগুলোতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের বিষয়টিকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, ক্যানচ্যামের সভাপতি মাসুদর রহমানসহ বিভিন্ন যৌথ চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।