২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকে ই-গ্রন্থাগার

ই-গ্রন্থাগার চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার গভর্নর আতিউর রহমান গ্রন্থাগারের এই ভার্চুয়াল সংস্করণ উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 11:29 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

কেন্দ্রীয় ব্যাংকের ই-লাইব্রেরিতে ৭ হাজার ই-বুক, ২৫ হাজার ই-জার্নাল ও এক হাজার সিডি-ডিভিডি রয়েছে।

সব মিলিয়ে এ লাইব্রেরিতে মোট ৫৬ হাজার গবেষণা উপাদান (রিসোর্চ আইটেম) রয়েছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ষষ্ঠ তলায় ১৭ হাজার ৯০৭ বর্গফুটের একটি গ্রন্থাগার রয়েছে। ১৯৬২ সালে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের অধীনে এটি যাত্রা শুরু করে। স্বাধীনতার পর ১৯৭১ সালে এই গ্রন্থাগারের ‘বাংলাদেশ ব্যাংক লাইব্রেরি’ নামকরণ হয়।

ডিজিটাল রাষ্ট্র প্রতিষ্ঠার সরকারি উদ্যোগকে সফল করতে কেন্দ্রীয় ব্যাংক এই ই-গ্রন্থাগার চালু করল বলে অনুষ্ঠানে জানানো হয়।

গ্রন্থাগারে ওয়াই-ফাই নেটওয়ার্ক ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিটেকশন ব্যবস্থা চালু করা হয়েছে। একে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট ও আমেরিকান সেন্টারের সঙ্গে ‍যুক্ত করা হয়েছে।

এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে ‘বিবি লাইব্রেরি’ ট্যাব ব্যবহার করে ই-গ্রন্থাগারে যেতে পারবেন পাঠকরা। পাঠকদের নিবন্ধন করে মুল সাইটে ঢুকতে হবে। সেখান থেকে বিভিন্ন গবেষণা প্রতিবেদন, বই ও জার্নাল ডাউনলোড করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গর্ভনর আতিউর রহমান বলেন, “জ্ঞানভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার অংশ হিসেবে ই-লাইব্রেরি চালু করা হল। এটি নিঃসন্দেহে দেশের সেরা লাইব্রেরি। তবে এর সুরক্ষা ও মান যাতে অক্ষুণ্ণ থাকে, সে খেয়াল রাখতে হবে।”

এই গ্রন্থাগার কেন্দ্রীয় ব্যাংকের কর্মীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলম, বিআইডিএসের সাবেক মহাপরিচালক মুস্তফা কামাল মুজেরি, অর্থনীতির অধ্যাপক সাদিক আহমদ, সনৎ কুমার সাহা, হান্নানা বেগমসহ ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।