রাষ্ট্রায়ত্ত ব্যাংক চালাচ্ছেন আমলা, ব্যাংকাররাই
সোনালী ও বেসিক ব্যাংকের আর্থিক কেলেঙ্কারিতে পরিচালনা পর্ষদকে জড়িয়ে নানা অভিযোগ ওঠার পর সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আর রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগ না দিয়ে আমলা ও ব্যাংকারদেরই পর্ষদে পাঠাচ্ছে।
দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালীর পরিচালনা পর্ষদে গত সপ্তাহে তিন বছরের জন্য তিনজনকে পুনঃনিয়োগ দেওয়া হয়, যাদের সবাই সাবেক আমলা।
বর্তমানে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তিনজন সাবেক আমলা। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ জায়েদ বখত। আর আলোচিত বেসিক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ব্যাংকার আলাউদ্দিন এ মজিদ।
ব্যাংকগুলোর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদে দুই-একজন ব্যবসায়ী ছাড়া বাকি সবাই বর্তমান ও সাবেক আমলা অথবা ব্যাংকার।
এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি, ব্যাংকগুলোতে রাজনৈতিক দলের লোকদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে৷ এ জন্যই এখন অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হচ্ছে।”
সোনালী ও বেসিক ব্যাংকে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বেগ পেতে হচ্ছে জানিয়ে মুহিত বলেন, “সোনালী ব্যাংকে বড় ধরনের ডাকাতি ও জালিয়াতি হয়েছে। বেসিক ব্যাংকে লুট করার চেষ্টা করা হয়েছে। এ দুরাবস্থা কাটিয়ে উঠতে সময় লাগবে।”
২০০৯ সালে ক্ষমতায় আসার পর এক দফা এবং ২০১২ সালে আরেক দফায় ৭০ জনকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পর্ষদে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত মহাজোট সরকার। নিয়োগ পাওয়া পরিচালকদের অধিকাংশই ছিলেন আওয়ামী লীগ বা সহযোগী কোনো সংগঠনের সঙ্গে যুক্ত।
“তবে শুধু সাবেক আমলা-ব্যাংকারদের পরিচালনা পর্ষদের দায়িত্ব দিলেই হবে না। তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, করতে দেওয়া হচ্ছে কি না… রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে কি না- সে বিষয়গুলোও মনিটর করতে হবে।”
সোনালী ব্যাংক
হল-মার্ক কেলেঙ্কারির সমালোচনার মধ্যে ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের সাবেক ডিন হাবিবুর রহমানকে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল সরকার। ২০১৫ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল।
কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়াদপূর্তির আট মাস আগেই গত বছরের ২০ এপ্রিল ব্যাংক থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সমর্থিত ‘নীল দল’-এর এই শিক্ষক।
এরপর সাবেক অর্থসচিব ফজলে কবিরকে তিন বছরের জন্য ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ২০১৫ সালের ২৩ এপ্রিল থেকে তিনি দায়িত্ব পালন করছেন।
হল-মার্ক কেলেঙ্কারির সময় এ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাবেক ব্যাংকার কাজী বাহারুল ইসলাম। সে সময় পরিচালনা পর্ষদে ছাত্রলীগের সাবেক নেতা সুভাস সিংহ রায়সহ কয়েকজন পরিচালক ছিলেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া।
প্রবল সমালোচনার মুখে মেয়াদ পূর্তির আগেই ওই পরিচালনা পর্ষদ ভেঙে দেয় সরকার।
ফজলে কবিরের নেতৃত্বে বর্তমান পরিচালনা পর্ষদে আছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রণজিৎ কুমার চক্রবর্তী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব এ কে এম রেজাউর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক ডিএমডি সাবেরা আক্তারী জামাল, বিএসআরএসের সাবেক পরিচালক আফজাল হোসেন।
গত বুধবার পুনঃনিয়োগ পেয়েছেন মাহবুব হোসেন, সাহেব আলী মৃধা এবং কাজী তরিকুল ইসলাম। তারা সবাই সাবেক যুগ্ম সচিব।
ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত পদাধিকার বলে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য।
২০১১ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখার কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হল-মার্ক গ্রুপ, প্যারাগন গ্রুপ, নকশি নিট কম্পোজিট, খান জাহান আলী স্যুয়েটার্স, ডি এন স্পোর্টস এবং টি অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়। এর মধ্যে কেবল হল-মার্ক গ্রুপই সরিয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা।
জনতা ব্যাংক
জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-ইজ-জামান।
২০১৪ সালের ৮ ডিসেম্বর তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেয়া হয়। সে হিসাবে তার মেয়াদ রয়েছে ২০১৭ সালের ৭ ডিসেম্বর পর্যস্ত।
পর্ষদের অন্য সদস্যরা হলেন- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে, অর্থ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এমডি মোফাজ্জল হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি খন্দকার সাবেরা ইসলাম, নিরীক্ষা কোম্পানি (অডিট ফার্ম) ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোম্পানির প্রধান এ কে এম কামরুল ইসলাম এফসিএ, আকাশ অটো রাইস অ্যান্ড অ্যাগ্রো ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান হিরন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম পদাধিকার বলে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগের ২০০৯-২০১৪ সরকারের মেয়াদে বারকাতসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মেয়াদের শেষ দিকে এসে করপোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যয় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ান তিনি।
অগ্রণী ব্যাংক
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের গবেষক জায়েদ বখত ২০১৪ সালের ১৮ নভেম্বর থেকে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সরকার তাকে নিয়োগ দিয়েছে তিন বছরের জন্য।
পর্ষদের অন্য সদস্যরা হলেন- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস, ব্যবসায়ী নেতা (ঢাকা চেম্বার) কে এম এন মঞ্জুরুল হক লাবলু। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ পদাধিকার বলে পর্ষদের সদস্য।
২০০৯ সালে এ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হককে। আওয়ামী লীগ-সমর্থিত নীল দল থেকে নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই সাবেক সভাপতি গতবছর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন।
রূপালী ব্যাংক
সাবেক সচিব মঞ্জুর হোসেন গত বছরের ৩০ মার্চ থেকে রূপালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্য।
অন্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক হাসিবুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) এম দেলোয়ার হোসাইন, জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মহিউদ্দিন ফারুকী।
পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটির পরিচালনা পর্ষদে চট্টগ্রামের একজন সাংবাদিক (সাপ্তাহিক চট্টলার প্রধান সম্পাদক আবু সুফিয়ান) এবং একজন আইনজীবীও (ব্যারিস্টার জাকির আহাম্মদ) রয়েছেন।
মঞ্জুর হোসেন চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে কয়েক মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন সাবেক অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জি। তার আগে ওই পদে ছিলেন অর্থমন্ত্রীর ভাগনিজামাই আহমদ আল কবির, যিনি রূপালীর চেয়ারম্যান হওয়ার পর আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন।
বেসিক ব্যাংক
ঋণে অনিয়মের অভিযোগে ২০১৪ সালের মে মাসের শেষ দিকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু পদত্যাগ করেন। ওই বছর ৬ জুন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন এ মজিদকে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়, যিনি কৃষি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এ ব্যাংক পর্ষদের একজন সদস্য। অন্য সদস্যরা হলেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সাবেক এমডি বেগম রায়হানা আনিসা ইউসুফ আলী, সাবেক যুগ্ম সচিব মামুন আল-রশীদ, হাসান মাহমুদ এফসিএ।
ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের শূন্য পদগুলোতেও ‘অভিজ্ঞ’ লোকদেরই নিয়োগ দেওয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “আমরা আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই।… সব বিষয় বিচার-বিশ্লেষণ করেই আমরা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ঢেলে সাজিয়েছি… এবং এটা অব্যাহত থাকবে।
