ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৪ লেইনে আরও সময়, বাড়ছে খরচও
নয় বছরেও কাজ শেষ না হওয়ায় ব্যবসায়ীসহ নানা মহলের অসন্তোষের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীত করার কাজ শেষ করতে আরও সময় নিতে যাচ্ছে সরকার।
অগ্রাধিকারে থাকা এই প্রকল্পের কাজ এই বছর শেষ করে ছয় লেইনে উন্নীত করার স্বপ্ন সরকার দেখানোর মধ্যে একনেকে নতুন একটি প্রস্তাব যাচ্ছে, যাতে সময় ও ব্যয় দুটোই বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকে যে প্রস্তাব উপস্থাপিত হতে যাচ্ছে, তার সার সংক্ষেপে দেখা যায়, কাজ শেষ করতে আরও দুই বছর এবং ব্যয় বর্তমানের চেয়ে ২০ শতাংশ বাড়তে যাচ্ছে।
দুই দফা সংশোধনের পর এই মেগা প্রকল্পের এটা তৃতীয় সংশোধনের প্রস্তাব। এতে প্রকল্পের মেয়াদ ১১ বছরে উন্নীত করে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। সব মিলে প্রকল্পটির মূল ব্যয় বাড়ছে ৭৬ শতাংশ।
কাজ শেষ দাবি করে আগামী মে মাসে ঢাকা-চট্টগ্রাম চার লেইনের মহাসড়ক উদ্বোধনের ঘোষণা সম্প্রতি দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তার মধ্যেই প্রকল্পটি তৃতীয়বারের মতো সংশোধন করে ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে পাঠানোর বিষয়ে কথা বলতে সড়কমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েও তাকে পাওয়া যায়নি। সাড়া মেলেনি মন্ত্রণালয়ের সচিবেরও।
একনেকে উপস্থাপনের জন্য সংশোধনী প্রস্তাবে দেখা যায়, নতুন করে প্রায় ৬২৭ কোটি টাকা বাড়িয়ে প্রকল্পের মোট ব্যয় ৩ হাজার ৮১৭ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির মূল ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১৬৮ কোটি টাকা। সে হিসাবে প্রকল্পের ব্যয় মূল থেকে বাড়ছে ৭৬ শতাংশ।
২০০৫ সালের ২৬ ডিসেম্বর একনেক সভার চূড়ান্ত অনুমোদনের পর প্রকল্পের কাজ ২০০৬ সালের জানুয়ারিতে শুরু করে ২০১২ সালের জুন মাসে শেষ করার কথা ছিল। এরপর দুই দফা সংশোধন করে ২০১৪ সালের ডিসেম্বরে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সে সময়ও শেষ করতে না পারায় নতুন করে দুই বছর মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার প্রস্তাব করা হয়েছে তৃতীয় সংশোধনীর সারসংক্ষেপে।
সংশোধনী প্রস্তাবনায় বলা হয়েছে, গত জানুয়ারি মাস পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি হয়েছে প্রায় ৮১%, ব্যয় হয়েছে ২ হাজার ৫৪৩ কোটি ৭৫ লাখ টাকা।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান।
জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রকল্প আগে দুই দফা সংশোধন করে মেয়াদ ও ব্যয় বাড়ানোর পরও বাস্তবায়ন করতে না পারার বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানাতে ‘অপারগতা’ প্রকাশ করেন।
প্রস্তাবনায় বলা হয়েছে, দাউদকান্দি টোলপ্লাজা থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত ১৯২ কিলোমিটার রাস্তা চার লেইনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
“মহাসড়কটির ওপর দিয়ে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করায় রাস্তার পেভমেন্টের পুরুত্ব বৃদ্ধির পাশাপাশি নতুন করে ড্রেনেজ ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় কংক্রিট পেভমেন্ট নির্মাণ অন্তর্ভুক্ত করা হয়।”
প্রকল্পের আওতায় সড়কটি হস্তান্তর হলেও দীর্ঘদিন ধরে মেরামত না করায়, ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায়, বর্ষাকালে অবিরাম বৃষ্টি এবং অতিরিক্ত মালামাল বহনকারী যানবাহন চলাচলের কারণে পুরাতন সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণে ব্যয় ও সময় দুটোই বেশি লাগছে বলে উল্লেখ করা হয়েছে।
