২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক গ্রাহকদের এলপিজিতে যাওয়ার পরামর্শ প্রতিমন্ত্রীর

গ্যাস সঙ্কটের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাসা-বাড়ির চুলা বন্ধ এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির মধ্যে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আবাসিক খাতে গ্যাস সরবরাহে সমস্যা থাকবেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 03:28 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পুরনো খবর:

গ্যাস সঙ্কটের ধাক্কা ফিলিং স্টেশনে
গ্যাস সঙ্কটে রাজধানীর বিভিন্ন এলাকা

সরকার শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে আবাসিক গ্রাহকদের তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি গ্যাস) ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। 

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আবাসিক খাতে গ্যাসের যে সমস্যাটা, আমি আগেই বলেছি, এই সমস্যা থাকবেই। আমরা চাচ্ছি আপনারা যারা আবাসিকে গ্যাস ব্যবহার করছেন, যারা ব্যবহার করছেন না, তারা ধীরে ধীরে এলপিতে চলে যান। কারণ অ্যাপার্টমেন্টে এখন এটা ব্যবহার করে পাইপলাইনেও ব্যবস্থা করা যায়।”

ধীরে ধীরে গ্যাসের চাপ কমে আসায় সমস্যা তৈরি হচ্ছে মন্তব্য করে নসরুল হামিদ বলেন, “আমাদের মেইন টার্গেট হলো পরিকল্পিত শিল্প এলাকায় সর্বপ্রথম গ্যাস সরবরাহ করা। আমরা সে জায়গার দিকে ধাবিত হচ্ছি। আমরা চাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেন হয়, সেখানে যেন গ্যাস পাওয়া যায়।

“আবাসিক খাতে আগামী দিনে সবাই এলপিজিতে চলে যাক, আমরা এটা চাইছি।”

আবাসিক খাত বাদ দিয়ে শুধু শিল্প খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা- এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “আমি সেটাও বলছি না। আমরা চাইছি, যে পরিবর্তনটা আসছে, সেটার দিকে যেন সবাই ধাবিত হয়। আমরা চাইছি এলপিজি যাতে কাজে লাগে। সেটা সকলের জন্য সাশ্রয়ী করার চেষ্টা হচ্ছে, সকলে যাতে সেটা পায়।

আগামী তিন বছরে বাংলাদেশে আবাসিক চাহিদার ৭০ শতাংশ যাতে এলপিজি থেকে ব্যবহার করা যায়, সরকার সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানান তিনি। 

শীত মৌসুম দেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাসের আবাসিক সরবরাহে ঘাটতি দেখা দেয়। এবার সেই সঙ্কট প্রকট আকার ধারণ করায় ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বাসাবাড়ির গ্রহকদের অভিযোগ আর ভোগান্তির খবর আসতে থাকে। এই সঙ্কটের ধাক্কা লেগেছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও, যা ক্রমেই বাড়ছে।

আবাসিক গ্রাহকদের আশার কথা শোনাতে না পারলেও শিল্প মালিকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, “শিল্প এলাকায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা মালিকদের বলেছি, শিল্প এলাকায় যে পরিমাণ গ্যাস দরকার, হয়তো পাঁচ-ছয় মাস সময় লাগতে পারে, স্বাভাবিক প্রক্রিয়ায় আসতে সে সময়টা লাগবে।”

Image
দ্বিগুণ দামে এলপিজি বিক্রির অভিযোগ ডিলারদের বিরুদ্ধে

দ্বিগুণ দামে এলপিজি বিক্রির অভিযোগ ডিলারদের বিরুদ্ধে

আর আবাসিক খাতে গ্যাসের যে এখন সমস্যা হচ্ছে, দুই-তিন দিনের মধ্যে তা কমে আসবে বলে আশা করছেন প্রতিমন্ত্রী।

“বাখরাবাদ পাইপ লাইনে যে সমস্যা সেটার সমাধান করা হচ্ছে। এটার জন্য তিন-চারদিন লাগতে পারে।”

নসরুল হামিদ বলেন, ভবিষ্যতে এলপিজি ব্যবহার করলে এই চাপের সমস্যা থাকবে না। এলপিজি-র দাম এখন অনেক কমে গেছে এবং আরও কমাতে সরকার কাজ করছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২৭৪ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতার মধ্যে প্রতিদিন গড়ে ২৭০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

ওই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বাসার চুলায় ব্যবহারের জন্য খরচ হচ্ছে মাসে ৬০০ থেকে ৬৫০ টাকা। আর প্রতি সিলিন্ডার এলপিজিতে খরচ পড়ছে গড়ে দেড় হাজার টাকার মতো।      

আবাসিক গ্রাহকদের এলপিতে যেতে বাধ্য করতে ‘কৃত্রিম সঙ্কট’ তৈরি করা হচ্ছে কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “দেখুন, দুয়েকটা শহর ছাড়া সব জায়গায় এলপি গ্যাস ব্যবহার হচ্ছে। তারা কীভাবে কী করছে? তারা নিশ্চয় কোনো না কোনোভাবে ব্যবস্থা করে নিচ্ছে।

“ঢাকা শহর তো পুরো বাংলাদেশ না, সেটা বুঝতে হবে। ৭০ শতাংশ জ্বালানি তো শহরের বাইরে। তারা কীভাবে জ্বালানি ব্যবহার করছে আমরা সেদিকে যাচ্ছি।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মোকাররম ভবনের সেমিনার কক্ষে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে জাতীয় সেমিনার ও নবায়নযোগ্য শক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নসরুল হামিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম মুহতাশাম হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক, এসআরইডিএ চেয়ারম্যান আনওয়ারুল ইসলাম শিকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বক্তব্য দেন।