২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রানীতি ঘোষণা ১৪ জানুয়ারি

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি আগামী ১৪ জানুয়ারি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 10:15 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

ইতোমধ্যে দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা সম্প্রসারণমুখী মুদ্রানীতি দাবি করেছেন।

গত ৫ জানুয়ারি ব্যাংকার্স সভায় তারা তাদের হাতে থাকা অতিরিক্ত তারল্য বিনিয়োগের জন্য সম্প্রসারণমূলক মুদ্রানীতির পক্ষে মত দিয়ে ওই দাবি জানান।

তবে বাংলাদেশ ব্যাংক বড় গ্রাহকদের দিকে না তাকিয়ে ছোট উদ্যোক্তাসহ কৃষি খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে ব্যাংকগুলোকে। 

চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৫ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই প্রত্যাশা পূরণ হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ২২ শতাংশ। নভেম্বর এবং ডিসেম্বরেও এই প্রবৃদ্ধি একইরকম বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাজারে ঋণ চাহিদা না থাকায় ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারেনি বলে জানিয়েছেন শীর্ষ ব্যাংকাররা। তারা বলছেন, বর্তমানে ব্যাংকিং খাতে এক লাখ কোটি টাকার বেশি উদ্বৃত্ত তারল্য রয়েছে।

সরকার চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে রাখার ঘোষণা দিয়েছে।

সরকারের এই লক্ষ্য অর্জনের লক্ষ্যেই মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।

সর্বশেষ মুদ্রানীতিতে বেসরকারি খাতের রপ্তানিমুখী শিল্পের জন্য দীর্ঘমেয়াদি ঋণ ব্যবস্থা করতে বাংলাদেশ ব্যাংক ৫০ কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দেয়।

সে ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক পুরোটা না পরলেও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ৩৫ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ সূত্রে জানা গেছে, এই মুদ্রানীতিতেও কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদ হার কমানোর জন্য নতুন ঘোষণা নিয়ে আসবে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এবার নীতি সুদ হারে পরিবর্তন আনবে বাংলাদেশ ব্যাংক।

রেপো (বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের স্বল্পমেয়াদে ধার নেওয়ার পদ্ধতি) এবং রিভার্স রেপোর (বাণিজ্যিক ব্যাংক তার অতিরিক্ত তারল্য যে ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংকে রাখে) সুদ হারকে নীতি সুদ হার বলা হয়।

বর্তমানে রেপোর সুদ হার ৭ দশমিক ২৫ শতাংশ এবং রিভার্স রেপোর সুদ হার ৫ দশমিক ২৫ শতাংশ।

গত ছয় মাসের বেশি সময় কলমানি রেট ৩ থেকে ৪ শতাংশের মধ্যে থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো রেপোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো অর্থ নেয়নি। বাংলাদেশ ব্যাংকও সম্প্রতি রিভার্স রেপো নেওয়া বন্ধ করেছে।