দেবপ্রিয় ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘সম্মানীয় ফেলো’ দেবপ্রিয় ভট্টাচার্য ও তার স্ত্রী ইরিনা ভট্টাচার্যের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে রাজস্ব গোয়েন্দারা।
জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ৪ জানুয়ারি বাংলাদেশের সব ব্যাংককে চিঠি পাঠিয়ে বলেছে, ২০০৮ সালের ১ জুলাই থেকে এই দম্পতির সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে হবে।
সেই সঙ্গে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) আলাদাভাবে চিঠি দিয়ে বলা হয়েছে, দেবপ্রিয় ও ইরিনার নামে কোনো বিও অ্যাকাউন্ট পাওয়া গেলে তার তথ্যও সিআইসিকে দিতে হবে।
কেন তাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আয়কর বিভাগের কার্যক্রম বা এনবিআরের কার্যক্রম নিয়ে সবসময় খোলামেলা কথা বলা যায় না।”
তবে কারও আয়-ব্যয়ের হিসাবে অসঙ্গতি বা কর ফাঁকির অভিযোগ পেলে সিআইসি আয়কর অধ্যাদেশ অনুযায়ী করদাতাদের ব্যাংক হিসাবসহ অন্যান্য আর্থিক হিসাবের তথ্য চেয়ে থাকে বলে এনবিআর কর্মকর্তারা জানান।
সাত দিনের মধ্যে দেবপ্রিয় ও ইরিনা ভট্টাচার্যের তথ্য সরবরাহ করা না হলে ব্যাংকগুলোকে এককালীন ২৫ হাজার টাকা এবং পরে প্রতিদিনের জন্য পাঁচশ’ টাকা করে জরিমানা করা হবে বলে চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার একজন গবেষকের পদ থেকে ১৯৯৫ সালে অর্থনীতিবিদ রেহমান সোবহানের হাত ধরে সিপিডিতে যোগ দেওয়ার পর থেকে দেবপ্রিয়’র উন্নতির শুরু।
শুরুতে সিপিডির দাপ্তরিক পদে থাকলেও প্রতিবছর বাজেটের সময় গণমাধ্যমের সামনে আসায় অনেকে বেশি পরিচিতি পেয়ে যান তিনি। পরে তাকে সিপিডির ফেলো করা হয়।
২০০৭-২০০৮ সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এক বছরের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিএ) বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তিনি।
ওই সময়ের আগে-পরে সুশীল সমাজের হয়ে তার তৎপরতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে।
সিআইসি’র এই তদন্তের বিষয়ে জানতে চাইলে দেবপ্রিয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজস্ব বোর্ড আইন অনুযায়ী যা করণীয় তা করবে। তবে এই অভিজ্ঞতা আমার নতুন নয়। ২০০৩-০৪ সালে বিএনপি সরকারের আমলে অর্থনীতি নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণেও আমাকে হয়রানির মুখোমুখি হতে হয়ে।”
এনবিআরের এবারের পদক্ষেপও হয়রানি বলে মনে করছেন কি না- এমন প্রশ্নে সিপিডির ফেলো বলেন, “সেটা আমি বলছি না। ওই সময়ে হয়রানি হয়েছিল সেটা বলছি। তবে এটা আইনের ইচ্ছাধীন প্রয়োগ।”
এনবিআর ঠিক কেন এই তদন্তের উদ্যোগ নিয়েছে- তা জানেন না বলে দাবি করেন দেবপ্রিয়।
শেষ হওয়া কর বর্ষে কত টাকা কর বাবদ পরিশোধ করেছেন জানতে চাইলে তিনি বলেন, “কর পরিশোধ করেছি। কত পরিশোধ করেছি সেটা আপনারও জানার বিষয় না, আমারও না। আর আসলে আমি নিজেও জানি না, আমার অফিস জানে।”
আবু নাসের মোহাম্মাদ আব্দুজ জাহের
ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যারম্যান আবু নাসের মোহাম্মাদ আব্দুজ জাহেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে আলাদা চিঠি দিয়েছে সিআইসি।
এই ব্যক্তির ২০০৮ সালের ১ জুলাই থেকে হাল নাগাদ তথ্য চাওয়া হয়েছে।
২০১০ সালে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন আবু নাসের আব্দুজ জাহের। চার বছর ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যক্তি।
মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জাহের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম এলাকায় আল বদর বাহিনীর নেতা ছিলেন বলে ইসলামী ঐক্যজোট নেতাদের অভিযোগ।
ইবনে সিনা ট্রাস্টের বোর্ড অব ট্রাস্ট্রি জাহের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক।
এনবিআরের তদন্তের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
