গৃহ নির্মাণ তহবিলের ঋণ বাড়ানোর সুপারিশ
বাংলাদেশ ব্যাংককে গৃহ নির্মাণ তহবিলের ঋণের পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছেন এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তারা।
সেসময় ঋণের সীমা ৫০ হাজারের পরিবর্তে এক লাখ টাকা করারও দাবি জানান তারা।
রোববার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা দূরীকরণে গৃহায়ণ তহবিল’ শীর্ষক কর্মশালায় এনজিওর কর্মকর্তারা এই সুপারিশ জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এসময় ঋণের পরিমাণ এক লাখ না করা গেলেও ৭০-৭৫ হাজার টাকা করার আশ্বাস দেন মুখ্য সচিব।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আব্দুর রহিম জানান, দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা দূর করতে ৯৭-৯৮ অর্থবছরে ৫০ কোটি টাকা নিয়ে চালু হওয়া গৃহায়ণ তহবিলটির বর্তমান মূলধন প্রায় সাড়ে তিনশ কোটি টাকা। এই তহবিলের আওতায় ৫১৪টি এনজিওর মাধ্যমে ৬৩ হাজার ২২০টি গৃহ নির্মাণ হয়েছে।
গৃহ ঋণের সুবিধাভোগীদেরকে আয় উপার্জন কর্মকাণ্ডে যোগদানের জন্য নির্দিষ্ট অংকের ঋণ প্রদান, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন তৈরি, বিদ্যুৎবিহীন অঞ্চলে সোলার এনার্জি লাইটের ব্যবস্থা করা, প্রতিবন্ধীদের জন্য অনুদান এবং লবণাক্ত এলাকায় গৃহের চাল হিসেবে অ্যাডবেস্টর সিমেন্ট শিট ব্যবহারে অনুমতি প্রদান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের জন্যও গৃহায়ণ তহবিল কর্তৃপক্ষকে অনুরোধ জানান এনজিও কর্মকর্তারা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম।
