২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর

বাংলাদেশে উপশহর ও শিল্প পার্ক স্থাপন, বিদ্যুৎ এবং তেল-গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 01:32 AM

Updated : 25 Apr 2022, 02:04 PM

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সিঙ্গাপুরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় আলোচনায় সিঙ্গাপুরের কর্মকর্তারা এ আগ্রহের কথা জানান। দুই দেশের তথ্যপ্রযুক্তি কর্তৃপক্ষের মধ্যে বৃহত্তর যোগাযোগ প্রতিষ্ঠার কথাও বলেছেন তারা।

পররাষ্ট্র সচিব শহীদুল হক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।  অপরপক্ষে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সচিব আলবার্ট চুয়া তার দেশের প্রতিনিধিত্ব করেন।

দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়।

বাংলাদেশের ‘স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি’ ও অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন শহীদুল হক।  পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে আসা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, সিঙ্গাপুর তাদের প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা অন্য দেশে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কথা ভাবতে পারে।

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খাতে বর্তমানে সিঙ্গাপুরের বিনিয়োগ রয়েছে।

বিদ্যুৎ বিতরণ ও তথ্যপ্রযুক্তির মতো খাতে আরও বিনিয়োগের জন্য তাদের আমন্ত্রণ জানান সচিব।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের উপযুক্ত অবকাঠামো দিতে সরকার ১০০ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্যোগ নেওয়ায় আঞ্চলিক ও বৈশ্বিক নেতৃত্বশীল অর্থনীতির দেশগুলো থেকে এরইমধ্যে ‘ইতিবাচক সাড়া’ পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি খাত সম্পর্কে নানা দিক তুলে ধরে এর অগ্রগতিতে সিঙ্গাপুরের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সিঙ্গাপুরের কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের দেশে বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন।

সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের ‘পেশাদারিত্ব ও কাজের প্রতি আন্তরিকতার’ প্রশংসা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সচিব।

বর্তমানে সিঙ্গাপুরে এক লাখ ৬০ হাজার বাংলাদেশি শ্রমিক আছেন।এই বৈঠক ছাড়াও পররাষ্ট্র সচিব সিঙ্গাপুরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মালিকি ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।