কর সংগ্রহের গতিতে ‘খুশি নন’ অর্থমন্ত্রী
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার বিপরীতে কর সংগ্রহে বড় ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এই কোয়ার্টারটা খারাপ হয়েছে, এটা দুর্ভাগ্যজনক।”
চলতি অর্থবছরে সরকারের খরচের প্রায় তিন লাখ কোটি টাকার মধ্যে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব হিসেবে সংগ্রহের লক্ষ্য ঠিক করেছেন মুহিত।
এর মধ্যে প্রথম তিন মাসে ৩৬ হাজার ৭০৯ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে পাওয়া গেছে আয়করসহ ৩০ হাজার ৯০৫ কোটি টাকা।
এই অংকে হতাশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, “আপনারা যদি চার্ট দেখেন, তাহলে দেখবেন, এটা আমার সময়ের সবচেয়ে খারাপ। সে কারণে আমি খুবই আনহ্যাপি এবং আমার ডিমান্ডটাই সবচেয়ে বেশি।”
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের বিরোধ নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুহিত।
তিনি বলেন, “লিডারশিপ বদলেছে, সুতরাং ব্যবস্থাপনাও বদলেছে। পারহ্যাপস ইট হ্যাজ সাম ইমপ্যাক্টস।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এনবিআরের পরিবেশ কনভেনিয়েন্ট করতে হবে। ওখানে ছোটখাট বিরোধ মিটিয়ে ফেলতে হবে। কালেকশনে চেয়ারম্যানের অধিকতর নজর দেওয়া উচিত।”
এনবিআরে কোন ধরনের সমস্যা চলছে- জানতে চাইলে মুহিত বলেন, “ওখানে ব্যুরোক্রেটদের মধ্যে বিভিন্ন গ্রুপ-ট্রুপ থাকে। পরিবর্তন হওয়ার ফলে সেই সব গ্রুপ তাদের নতুন স্থান পাওয়ার চেষ্টা করছে।
“একজন নেতা বদলেছেন, সেই সময় একরকম ছিল, আরেকজন এসেছেন এখন কী হবে এটা নিয়া…”
গত মে মাসের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) বেগম জাহানারা সিদ্দিকীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং এরপর এনবিআর কর্মকর্তাদের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি এসময় একজন সাংবাদিক অর্থমন্ত্রীর সামনে আনেন।
তার কথায় সায় দিয়ে মুহিত বলেন, “দ্যাটস ইট।”
ওই কর্মকর্তার বিষয়ে তিনি বলেন, “জাহানারা সিদ্দিকী ছিলেন, না থাকার সমানই ছিলেন। উনি বিদায় হয়েছেন, তার প্রতি সম্মান রেখেই বলছি, দ্যাটস ফাইন।”
সামগ্রিক পরিস্থিতি নিয়ে এনবিআর চেয়ারম্যানকেও ডেকেছিলেন বলে জানান মুহিত।
“হি হ্যাজ টু এসটাবলিশ অ্য র্যাপোর্ট টু দেম, এটা এখনও হয় নাই।”
