উদ্যোগস্বপ্নে ‘সঙ্গী হবে’ মেরিডিয়ান ফাইন্যান্স
উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সঙ্গী হওয়ার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান মেরিডিয়ান ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান লোগো ও স্লোগান উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা বলছেন, স্বতন্ত্র ও প্রগতিশীল একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে উদ্যোক্তাদের টেকসই অর্থায়ন ব্যবস্থা চালু করতে চায় তারা।
এই বছরের ১ জুলাই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়। এর প্রধান কার্যালয় রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারে।
বর্তমানে বাংলাদেশে ৩১টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। মেরিডিয়ান ফাইন্যান্সের যাত্রা শুরুর পর এই সংখ্যা বেড়ে ৩২টি পৌঁছালো।
উদ্বোধনের পর গভর্নর আতিউর রহমান বক্তৃতার শুরুতেই বলেন, কঠোর পরিশ্রম করে মেরিডিয়ান নিয়ন্ত্রক সংস্থার সকল শর্ত শতভাগ পূরণ করে লাইসেন্স নিয়েছে।
বক্তব্য রাখছেন আতিউর রহমান
বক্তব্য রাখছেন আবদুল মাতলুব আহমাদ
বিনিয়োগ আবহাওয়া অনুকূল মন্তব্য করে গভর্নর বলেন, “অর্থনীতি এখন এতটাই স্থিতিশীল যে বিশ্বের বিভিন্ন রেটিং এজেন্সি বাংলাদেশকে নিরাপদ ও সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্র মনে করছে। একথাও ঠিক কোন কোন ক্ষেত্রে ঝুঁকিও আছে। তবে ঝুঁকি সমন্বয় করে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়া যায়, তা আশপাশের কোনো দেশে পাওয়া যায় না।”
প্রতিষ্ঠানটি তরুণ ও নারী উদ্যোক্তাদের সহযোগী হিসেবে কাজ করবে বলে ঘোষণা দেন এর চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর সাবেক সচিব কাজী এম আমিনুল ইসলাম।
তিনি বলেন, “নতুন উদ্যোগে অর্থায়নে পদে পদে বাধা। প্রয়োজনীয় ও সময়মতো অর্থায়নের অভাবে অনেক উদ্যোগ সফলতা পায় না। আমরা চাই উদ্যোক্তাদের সহযোগী হতে, বিশেষ করে তরুণ ও নারী উদ্যোক্তাদের।”
কর্পোরেট গভর্নেন্স, কমপ্লায়েন্স ও সবার জন্য সমান সুযোগ রেখে মেরিডিয়ানকে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনকারী কাজী আমিন।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ তার বক্তৃতায় বলেন, “বর্তমান বাজারে এরকম একটি আর্থিক প্রতিষ্ঠান শুরু করা চ্যালেঞ্জিং। কারণ অধিকাংশ ব্যাংকের হাতেই অতিরিক্ত তহবিল আছে। আবার নতুন ৯টি ব্যাংক এসেছে। আবার এই প্রেক্ষাপট আর্থিক প্রতিষ্ঠানের জন্য ভালো। কারণ আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যবসা করে।”
বক্তব্য রাখছেন আসাদ খান
গভর্নরের সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম
ব্যবসা করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নতুন পণ্য আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ব্যাংকগুলো হাউজিং খাতে ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছে না। আর্থিক প্রতিষ্ঠান হাউজিং খাতে ঋণ দিতে পারে।”
আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানিজ এসোসিয়েশনের চেয়ারম্যান আসাদ খান তার বক্তৃতায় বলেন, “যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কোয়ালিটিই প্রধান। শুরু দেখে আমার মনে হচ্ছে মেরিডিয়ানের সেটি আছে।”
মেরিডিয়ান ফাইন্যান্সকে শক্তিশালী প্রতিযোগী বলেও মন্তব্য করেন প্রাইম ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আসাদ।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিনসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
