বাংলাদেশ ব্যাংকের কৌশলগত পরিকল্পনা ঘোষণা
পাঁচ বছর মেয়াদি দ্বিতীয় কৌশলগত পরিকল্পনা (২০১৫-২০১৯) ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে বিচক্ষণ মুদ্রানীতি গ্রহণ, রেগুলেটরি ও নজরদারি কাঠামো আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দিয়ে এই কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানান গভর্নর আতিউর রহমান।
পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য সামাজিক দায়বোধ প্রণোদিত এবং পরিবেশবান্ধব অর্থায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমি মিলনায়তনে এই পরিকল্পনা ঘোষণা করা হয়।
গভর্নর বলেন, “সরকারের সার্বিক উদ্যোগ এবং কেন্দ্রীয় ব্যাংকের সময়োচিত পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি ও আর্থিক খাত বর্তমানে সুদৃঢ় অবস্থায় আছে। সর্বশেষ অর্থবছরে ৬ দশমিক ৫১ শতাংশসহ গত ছয় বছরে গড় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনের আশা করা হচ্ছে।
“মূল্যস্ফীতি, আমদানি, রপ্তানি, রেমিটেন্স ও বিদেশি মুদ্রার মজুদসহ আমাদের অর্থনীতির সবগুলো সূচকই এখন ইতিবাচক।এই সূচকগুলো স্থিতিশীল অর্থনীতি ও শক্তিশালী আর্থিক খাতের লক্ষণ। তাই আজ বলতে দ্বিধা নেই, এ অঞ্চলের সবচেয়ে স্থিতিশীল ও সফল অর্থনীতি এখন বাংলাদেশেরই।”
এসব অগ্রগতি ধরে রেখে আরও সামনে এগোনোর জন্যই নীতি-পরিকল্পনা গ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
আতিউর রহমান বলেন, “এজন্যই আমরা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে বিচক্ষণ মুদ্রানীতি গ্রহণ, রেগুলেটরি ও নজরদারি কাঠামো আরও জোরদারকরণ, টেকসই উন্নয়নের জন্য সামাজিক দায়বোধ প্রণোদিত এবং পরিবেশবান্ধব অর্থায়নের ওপর গুরুত্ব দিয়ে দ্বিতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছি।”
এই পরিকল্পনায় মোটাদাগে ১৪টি কৌশল, এগুলো বাস্তবায়নে ১০৫টি উদ্দেশ্য এবং মধ্য ও দীর্ঘমেয়াদে ৩২০টি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে শনিবার কেন্দ্রীয় ব্যাংকের কৌশলগত পরিকল্পনা গ্রহণের উদ্বোধন অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান। ছবি: নয়ন কুমার
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে শনিবার কেন্দ্রীয় ব্যাংকের কৌশলগত পরিকল্পনা গ্রহণের উদ্বোধন অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান। ছবি: নয়ন কুমার
এ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের বিভাগ ও অফিস প্রধানরা সামনে থেকে নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন গভর্নর।
এর আগে প্রথম কৌশলগত পরিকল্পনা (২০১০-২০১৪) ঘোষণা করা হয়েছিল ২০১০ সালে।
প্রথম পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের ধারাবাহিকতায় দ্বিতীয় পরিকল্পনা ঘোষণা করা হয়েছে বলে জানান আতিউর রহমান।
বিগত পরিকল্পনায় বাংলাদেশ ব্যাংকের কাজের ধরনে অনেক পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে অংশগ্রহণমূলক মুদ্রানীতি প্রণয়ন, পেমেন্ট সিস্টেমের আধুনিকায়ন ও ডিজিটাইজেশন ত্বরান্বিতকরণ ও সুপারভিশন জোরদার করার পাশাপাশি নিম্ন আয়ের মানুষদের আর্থিক সেবায় অন্তর্ভুক্তির কৌশল হিসেবে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ কার্যক্রম হাতে নেওয়া হয়।
“কৃষি, এসএমই ও পরিবেশবান্ধব খাতে অর্থায়ন বাড়ানো, দশ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ, বর্গাচাষি ঋণ, নারী উদ্যোক্তা উন্নয়ন, গ্রিন ব্যাংকিং, সিএসআর, দ্রুত টাকা পাঠানোর জন্য মোবাইল ব্যাংকিং ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছাতে এজেন্ট ব্যাংকিং প্রবর্তন সবই এই অভিযানেরই অংশ।”
বাংলাদেশ ব্যাংককে বিশ্বমানে নিয়ে যাওয়া এবং উদ্ভাবনী ব্যাংক হিসেবে পরিচিত করে দেওয়ার আশাও ব্যক্ত করেন গভর্নর।
“আমরা এমন একটি দূরদর্শী বাংলাদেশ ব্যাংক গড়ে তুলতে চাই, যেখানে কেউ পুরনোকে আঁকড়ে ধরে থাকবে না, যেখানে নতুন নতুন ব্যাংকিং ধারণার উদ্ভব হবে। যে বাংলাদেশ ব্যাংক দেশকে দ্রুত উচ্চ মধ্যম আয়ের কাতারে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মো. আহসন উল্লাহ। পরামর্শক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আবু হেনা মো. রাজী হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।
