দারিদ্র্যের হার নেমে এসেছে ২৪ শতাংশে
বাংলাদেশে দারিদ্র্যের হার ২০১৫ সালে ২৪ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে, হতদরিদ্র মানুষের সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।
সহস্রাব্দ লক্ষ্যমাত্রার (এমডিজি) সর্বশেষ অগ্রগতি নিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র দেখা যায়।
এতে বলা হয়েছে, দারিদ্র্য ও চরম দারিদ্র্যের হার কমানোসহ বেশ কিছু সূচকে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে। পাশাপাশি কম ওজনের শিশুর মৃত্যু হার হ্রাস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লিঙ্গসমতা, ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যু হার হ্রাস, এইচআইভি সংক্রমণ রোধসহ যক্ষা রোগ নিরাময়ে সাফল্য এসেছে
সোনারগাঁও হোটেলে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “এমডিজি অর্জনে যে কয়েকটি দেশ সফলতা পেয়েছে বাংলাদেশ তাদের মধ্যে উপরে। বাংলাদেশে ব্যাপকভাবে উৎপাদনমুখী শিল্পায়ন দারিদ্র্য বিমোচনে অবদান রেখেছে।”
আগামী ১৫ বছরে বিশ্বে যে হারে দারিদ্র্য বিমোচন ঘটবে, বাংলাদেশ চার বছরেই তা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “মুলত বাংলাদেশের ধারাবাহিক ও সমান্তরালভাবে জিডিপি প্রবৃদ্ধি হওয়ার কারণেই দারিদ্র্য বিমোচনে এত সফল হয়েছে। সারা বিশ্ব ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে চাইলেও ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে।”
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশের অব্যাহত উন্নয়ন বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এই সাফল্যের জন্য সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও জনগণের সহযোগিতার কথা বলেন।
অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রতিবেদনটি উপস্থাপন করেন।
তিনি বলেন, এমডিজি অর্জনে সফলতা দেখালেও এখনও ৩ কোটি ৯২ লাখ মানুষ দারিদ্র্য রেখার নিচে রয়েছে। এদের মধ্যে উচ্চ দারিদ্র্যরেখার নিচে বাস করে ২ কোটি ৪ লাখ লোক।
ফলে দারিদ্র্যের হার কমানোর ক্ষেত্রে অগ্রগতি হলেও ক্ষুধা-দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টিসহ বেশ কিছু বিষয়ে এখনও অনেক বেশি মনোযোগী হওয়ার উপর জোর দেন তিনি।
এছাড়াও প্রাথমিক শিক্ষা সমাপ্ত করণ, বয়স্ক শিক্ষা, শিক্ষার মান নিশ্চিত করণ, নারীদের পরিমিত মজুরি সম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সন্তান প্রসব, বনায়ন বৃদ্ধি, তথ্য ও যোগাযোগ বিষয়ে আরও বেশি মনোযোগের সুপারিশও করা হয় প্রতিবেদনে।
