২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজড়া-প্রতিবন্ধীদের ঋণ দিতে মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগ

হিজড়া ও শারীরিক প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এনজিওর মাধ্যমে তাদের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের মিডল্যান্ড ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 10:03 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে মিডল্যান্ডের ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন পল্লী কর্ম উন্নয়ন সংস্থার (পিকেইউএস) নির্বাহী পরিচালক মো. ইউনুস খান।

চুক্তি অনুযায়ী বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলার হিজড়া, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী ১৩৬ জন সুবিধাবঞ্চিতকে ১ কোটি টাকা ঋণ দেবে পিকেইউএস।

এরমধ্যে ১০ জন হিজড়াকে ৫ লাখ টাকা, ১১০ জন শারীরিক প্রতিবন্ধীকে ৮৪ লাখ ৫০ হাজার টাকা, সুবিধাবঞ্চিত ৬ জন নারীকে ৩ লাখ টাকা, রাখাইন নৃগোষ্ঠীর ১০ জন ক্ষুদে উদ্যোক্তাকে সাড়ে ৭ লাখ টাকা দেওয়া হবে।

এজন্য মিডল্যান্ড ব্যাংককে ৫ শতাংশ সুদে অর্থায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক ২ শতাংশ মার্জিন রেখে ৭ শতাংশ সুদে এনজিওকে ঋণ বিতরণের দায়িত্ব দিচ্ছে। উদ্যোক্তাদের মাঝে ১০ শতাংশ হারে এই ঋণ বিতরণ করবে এনজিওটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ৮ জন উদ্যোক্তার হাতে ঋণের টাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

এসময় তিনি বলেন, “দেশ এখন নিম্ন মধ্যম আয়ের। মানব উন্নয়ন ও ঝুঁকি দূর করতে পারলেই মধ্যম আয়ের হবে বাংলাদেশ।

“এজন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেসরকারি সকল প্রতিষ্ঠান বিশেষ করে এনজিওগুলোকে কাজ করতে হবে। এখন আর তেলে মাথায় তেল না দিয়ে নিম্ন আয়ের মানুষের কথা ভাবতে হবে।” 

আতিউর রহমান বলেন, “তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ঋণ প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এটি একটি অনন্য উদ্যোগ। এর সফল বাস্তবায়ন হলে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে।”

সিএসআরের টাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ ভক্তের সভাপতিত্বে অন্যদের মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান উজ জামান, এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গাজী মোহাম্মদ নুরুল কবীর বক্তব্য রাখেন।