২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর আদায়ে চাপাচাপি নয়, সমন্বয়: মুহিত

কর আদায় বাড়াতে জোর-জবরদস্তি না করে সমন্বয়ের উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 07:52 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

আয়কর মেলা এবার উপজেলায়ও

করদাতাদের উপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘চাপাচাপির’ অভিযোগ স্বীকার করে নিয়ে হয়রানি কমানোর আশ্বাস দেন তিনি।

জাতীয় আয়কর দিবস উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের প্রস্তাবে এনবিআর চেয়ারম্যান করদাতাদের প্রণোদনা দেওয়ার আশ্বাসও দেন।

সোনারগাঁও হোটেলে আয়কর দিবসের এই অনুষ্ঠানে ব্যক্তি পর্যায়ের ১০ জন ও কোম্পানি পর্যায়ের ১০টি প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতার পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্যে অর্থমন্ত্রী বাংলাদেশের মানুষের তুলনায় করদাতার সংখ্যা কম হওয়ায় হতাশা প্রকাশ করে বলেন, জনকল্যাণে সরকার যাতে ব্যয় করতে পারে, সেজন্যই কর আদায় বাড়ানো প্রয়োজন।

“আদর্শ রাষ্ট্রের মুল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আর রাষ্ট্রকে কল্যাণ করার জন্য, চলার জন্য রাজস্ব দরকার। সেটা আপনার সমাজের বিত্তবানরাই দিয়ে থাকেন। আমরা (সরকার) আপনাদের নানাভাবে খুশি করার চেষ্টা করি।”

অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, “রাজস্ব বোর্ডের কথা শুনলে ভয় লাগে। নাম শুনলে গায়ে জ্বর এসে যায়।”

বর্তমান রাজস্ব বোর্ড ‘আগের মতো ভয়ঙ্কর নয়’ মন্তব্য করে তিনি বলেন, “তবে স্ব-নির্ধারণী কর ব্যবস্থা নিয়ে অনেক হয়রানির কথা এখনও শোনা যাচ্ছে।

“আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে বলব, আপনারা (রাজস্ব কর্মকর্তারা) আমাদের হয়রানি না করলে আমরা এগিয়ে আসব। এক টাকার রাজস্ব দিতে গিয়ে তিন টাকার হয়রানি আমরা চাই না।”

অর্থমন্ত্রী বলেন, “আপনাদের একটা অভিযোগ আছে, সরকার যেভাবে কর আদায় করে তাতে অনেক চাপাচাপি করা হয়। সেটা অনেকটা সত্য। আমাদের সরকারের প্রচেষ্টা হচ্ছে এই চাপাচাপি যাতে আর না করি। এজন্য আপনাদের সাথে সমন্বয় বাড়ানো হচ্ছে।”

এফবিসিসিআই সভাপতি বলেন, “যাদের হাতে করের টাকা তুলে দেব, তাদের কাছ থেকে সম্মান চাই।”

Image
কর দেওয়ার আহ্বানে শোভাযাত্রায় শিক্ষার্থীরা

কর দেওয়ার আহ্বানে শোভাযাত্রায় শিক্ষার্থীরা

তিনি প্রতি জেলায় কমপক্ষে একজনকে সর্বোচ্চ করদাতা হিসেবে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদা দেওয়ার প্রস্তাব দেন। যেসব ব্যবসায়ী করদাতা শেষ বয়সে ব্যবসা ছেড়ে দিয়ে অবসর জীবন কাটাচ্ছেন বা কাটাবেন, তাদের বিশেষ পেনশন সুবিধা দেওয়ার প্রস্তাবও দেন তিনি।

মাতলুবের একটি প্রস্তাবে সম্মতি জানিয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, “জেলা পর্যায়ে একজন করে সিআইপি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। রাজস্ব আদায়ে সময় এসেছে প্রণোদনা দেওয়ার। এতে জনসাধারণ উৎসাহিত হবে।”

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানও অনুষ্ঠানে বলেন,“কর নিয়ে যে ভয়-ভীতি আছে, এ ধরনের স্বীকৃতির মাধ্যমে তা কমে আসবে।”

করদাতার সংখ্যা ‘লজ্জার’

বাংলাদেশে নিবন্ধিত করদাতার সংখ্যা নিয়ে হতাশা প্রকাশ করে তা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী মুহিত। এক্ষেত্রে জনগণের সহযোগিতাও চেয়েছেন তিনি।

Image
অনুষ্ঠানে অর্থমন্ত্রী

অনুষ্ঠানে অর্থমন্ত্রী

মুহিত বলেন, “আমাদের জনসংখ্যার এক শতাংশও কর দেয় না। জনসংখ্যা ১৬ কোটি, আর কর দিচ্ছেন ১১ লাখ। এটা ১৬ লাখ হলে এক শতাংশ বলতে পারতাম। এটা জাতি হিসেবে লজ্জাকর।

“আমাদের কর-জিডিপি অনুপাত এখনও ১০ শতাংশের কাছাকাছি। এটা আরও বড় লজ্জার। এ অবস্থা থেকে উত্তরণ দরকার।”

জনকল্যাণের লক্ষ্যে নিবন্ধিত করদাতার সংখ্যা বাড়াতে সরকারের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।

“২০১৯-২০ অর্থবছরের বাজেট দেওয়ার সময় আশা করছি, নিবন্ধিত করদাতার সংখ্যা ৪০ লাখে নিয়ে যেতে পারব। যদিও এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমি নিচ্ছি, বাকিটা আপনাদের (জনগণের) উপর নির্ভর করছে।” 

করদাতাদের সম্মাননা

অনুষ্ঠানে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা সনদ, ক্রেস্ট ও ট্যাক্স দেওয়ার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর।

এই অনুষ্ঠানে ২০১৪-১৫ করবর্ষের ব্যক্তি পর্যায়ের ১০ জন এবং কোম্পানি পর্যায়ে ১০টি প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতার পুরস্কার দেওয়া হয়।

একই সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনসহ ঢাকা বিভাগের ময়মনসিংহ, গাজীপুর ও নারায়ণগঞ্জ ছাড়া প্রতিটি জেলা থেকে তিনজন করে সর্বোচ্চ করদাতা ও দুইজন করে দীর্ঘমেয়াদী কর প্রদানকারী মনোনীত করা হয়েছে।

সবমিলিয়ে এবছর সারা দেশে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতা হিসেবে মোট ৩৮৭ জনকে সম্মানিত করা হয়েছে।

২০১৪-১৫ করবর্ষে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন হাজী মো. কাউছ মিয়া, মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন, হোসনে আরা হোসেন, খাজা তাজমহল, এম এ হায়দার হোসেন, গোলাম দস্তগীর গাজী, নাছির উদ্দিন ও আব্দুল মোক্তাদির।

Image
সম্মাননা সনদ নিচ্ছেন এক করদাতা

সম্মাননা সনদ নিচ্ছেন এক করদাতা

এই ১০ জনের মধ্যে ছয়জনই একই পরিবারের সদস্য। এছাড়া নাছির উদ্দিন একমাত্র ব্যক্তি, যিনি ঢাকার বাইরের (চট্টগ্রাম) করদাতা।

কোম্পানি পর্যায়ে সর্বোচ্চ করদাতা হল শেভরন বাংলাদেশ ব্লক-১২ লিমিটেড, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড(বাপেক্স), তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সরকারি নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর, ভ্যাট, বিল ও ঋণ খেলাপি থাকলে বা মামলা বিচারাধীন থাকলে সম্মাননার জন্য বিবেচনা করা হয় না।

আগামী বুধবার দেশজুড়ে শুরু হবে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বিভাগীয় সাতটি শহর, ৬৪টি জেলা শহরের সঙ্গে এই প্রথম ৮৬টি উপজেলায় আয়কর মেলার আয়োজন করেছে এনবিআর।

চলতি অর্থবছরে সরকার ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে আয়কর থেকে আদায় করার লক্ষ্য ধরা হয়েছে ৬৪ হাজার ৯৭১ কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের প্রায় ৩৭ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছরে আয়কর থেকে ৬৫ হাজার ৯৩২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা মোট রাজস্ব আয়ের ৩৭ দশমিক ৩৮ শতাংশ। গত অর্থবছরেই প্রথম আয়কর খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় হয়েছে।