২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সম্মাননা পেলেন ২৭ করদাতা

চট্টগ্রামে দীর্ঘসময় ধরে এবং সর্বোচ্চ পরিমাণ কর পরিশোধকারী ২৭ জনকে সম্মাননা দিয়েছে আয়কর বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 06:28 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

মঙ্গলবার আগ্রাবাদ সরকারি কার্য ভবন-২ সংলগ্ন মাঠে আয়োজিত ‘জাতীয় আয়কর দিবসে’র অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

এই করদাতারা চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার।

আয়কর দিবসের আলোচনা সভায় মোশাররফ হোসেন বলেন, “এবছর ৬৮টি উপজেলায় করমেলা হচ্ছে সেটা বড় বিষয় না। কত মানুষ কর দিচ্ছে সেটাই বড় কথা।”

কর আদায় নিয়ে জনগণের ভীতি দূর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রতি বছর মানুষের আয় এক হয় না। কোনো বছর আয় বেশি হলে পরের বছর কমও হতে পারে।

“আগের বছর বেশি কর দিয়েছে, তাই এবছর তার চেয়ে বেশি কর দিতে হবে বলে চাপ দেওয়া হলে মানুষের মধ্যে ভীতি কাজ করবে।”

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও নীতি) ফরিদ উদ্দিন বলেন, দেশে এক লাখ ৭০ হাজার নিবন্ধিত আমদানিকারক থাকলেও তারা একাধিক টিআইএন (কর সনাক্তকরণ নম্বর) ব্যবহার করে।

অনলাইনের আওতায় চলে আসায় দুই বছর পর আর তা সম্ভব হবে না বলে জানান রাজস্ব কর্মকর্তা ফরিদ। 

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় এবছর দীর্ঘসময় ধরে করদাতার সম্মাননা পেয়েছেন ডা. সালাউদ্দিন এম সিদ্দিক ও সাভার এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল মান্নান শিকদার।

সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন একে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান, তার ভাই সদরউদ্দিন খান ও মুহাম্মদ মহসিন।

চট্টগ্রাম জেলায় সৈয়দ আহসান উল্লাহ ও প্রকাশ রঞ্জন দাশ দীর্ঘমেয়াদী করদাতা এবং মো. শামসুল হুদা, ইঞ্জিনিয়ার মো. মহসিন ও লোহা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসেন সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন।

কক্সবাজার জেলায় ফরিদুল আলম, আবুল কাশেম দীর্ঘ সময় এবং সাংসদ আব্দুর রহমান বদি, তার ভাই আব্দুস শুক্কুর ও সাইফুল করিম সর্বোচ্চ করদাতার সম্মাননা পান।

বান্দরবান জেলায় দীর্ঘ সময় করদাতার সম্মাননা পেলেন শামসুল আলম। এছাড়া মোহাম্মদ নুরুল আবছার, আব্দুস শুক্কুর ও মোহাম্মদ হুমায়ুন কবির সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন।

খাগড়াছড়ি জেলার শিব শংকর দেব, মো. সোলায়মান দীর্ঘ সময় ধরে করদাতা ও মো. মিজানুর রহমান, মো. নূর আলম ও বিউটি দেব সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন।

রাঙামাটি জেলায় ফজলুল করিম, আবুল মনসুর ওবায়দুল্লাহ ও মো. রফিকুল আলম লিটনকে সর্বোচ্চ করদাতার সম্মাননা দেওয়া হয়। এই জেলা থেকে এবছর দীর্ঘ সময় ধরে করদাতার সম্মাননা কেউ পাননি।

চট্টগ্রাম কর কমিশনার (আপিল অঞ্চল) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান।