১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুলাইয়ে পিএমআই সূচক বেড়ে ৫৭.৮ শতাংশ

পিএমআই হল এমন একটি অর্থনৈতিক সূচক, যা কোনো দেশের উৎপাদন ও ব্যবসার অবস্থা বুঝতে সাহায্য করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 09:23 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

বাংলাদেশের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা পিএমআই সূচক গত জুলাই মাসে বৃদ্ধি পেয়ে ৫৭ দশমিক ৮ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের মাস জুনে যা ছিল ৫২ দশমিক ৯ পয়েন্ট।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রতি মাসে এই সূচক প্রকাশ করে। রোববার গত জুলাই মাসের পিএমআই সূচক প্রকাশ করা হয়। 

পিএমআই হল এমন একটি অর্থনৈতিক সূচক, যা কোনো দেশের উৎপাদন ও ব্যবসার অবস্থা বুঝতে সাহায্য করে। মোট ১০০ নাম্বারের বিপরীতে পিএমআই সূচক ৫০ এর নিচে হলে অর্থনীতি ‘সংকুচিত’ হচ্ছে ধরা হয়। পয়েন্ট ৫০ এর বেশি হলে ধরা হয় অর্থনীতি সম্প্রসারিত বা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বেড়েছে। আর সূচকের মান ৫০ হলে ধরা হবে অর্থনীতি ‘এক জায়গায় স্থির’ আছে। 

সে অনুযায়ী জুলাই মাসে পিএমআই সূচক জুনের চেয়ে ৪.৯ শতাংশ বেড়ে যাওয়াকে দেশের অর্থনৈতিক কার্যক্রম আরো সম্প্রসারণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসিআই বলেছে, সার্বিকভাবে অর্থনীতি ‘সম্প্রসারণে’ থাকায় বাংলাদেশের পিএমআই সূচক আগের মাসের চেয়ে ৪ দশমিক ৯ পয়েন্ট বেড়ে গত জুলাই মাসে ৫৭ দশমিক ৮ পয়েন্টে উন্নীত হয়। আগের মাস জুনে পিএমআই সূচক হয় ৫২ দশমিক ৯ পয়েন্ট।

সংগঠনটির মতে, অর্থনীতির সামগ্রিক কর্মকাণ্ডের তথ্য পর্যালোচনা করে পরবর্তী মাস কেমন যেতে পারে তার একটি আগাম ধারণা দেয় পিএমআই সূচক। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা এই চার খাতে সারা দেশের পাঁচশত প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তৈরি করা হয় সূচকটি।

জুলাই মাসে সূচকে পয়েন্ট বেড়ে ৫৭ দশমিক ৮ শতাংশ হওয়া প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এটি অর্থনৈতিক কার্যক্রম আরো শক্তিশালী সম্প্রসারণের নির্দেশ করে। এই উন্নতির প্রধান চালিকাশক্তি ছিল উৎপাদন খাতের শক্তিশালী পুনরুদ্ধার। অন্যদিকে, ব্যাপক উন্নতি সত্ত্বেও নির্মাণ খাত সামান্য সংকোচনের মধ্যে রয়েছে।

অর্থনীতির চারটি প্রধান খাতের মধ্যে তিনটিতে সম্প্রসারণ হয়েছে। এর মধ্যে উৎপাদন খাত ৬৫ দশমিক ৪ পয়েন্ট, সেবা খাত ৫৬ পয়েন্ট ও কৃষি খাত ৫৫ দশমিক ২ পয়েন্ট সূচক নিয়ে সম্প্রসারণ রেকর্ড করেছে। 

কৃষি খাত টানা ১১ মাস সম্প্রসারণে আছে, যদিও আগের মাসের তুলনায় গত জুলাইয়ে কৃষিতে সূচক ৯ দশমিক ৬ পয়েন্ট কমে হয়েছে ৫৫ দশমিক ২ ।

নতুন ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রম ‘সম্প্রসারণ’ পর্যায়ে থাকলেও কর্মসংস্থান সামান্য ‘সংকোচনে’ ফিরে গেছে বলে বর্ণনা করা হয় প্রতিবেদনে। এছাড়া ‘সংকোচনে’ ছিল উল্লেখযোগ্য হারে ব্যয় বৃদ্ধি পাওয়া উপকরণ ও অসমাপ্ত ক্রয়াদেশ।

উৎপাদন খাতে সূচক আগের মাসের তুলনায় জুলাইতে ১৬ দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪ পয়েন্ট। সার্বিক সূচকে উৎপাদন খাত সবচেয়ে বেশি অবদান রাখে।

অন্যদিকে ‘সংকোচনে’ থাকা নির্মাণ খাতে পয়েন্ট ৯ দশমিক ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে জুলাইতে হয় ৪৯ দশমিক ৩ পয়েন্ট। আর সেবা খাত টানা ২২ মাসে ‘সম্প্রসারণে’ থেকে আগের মাসের চেয়ে ১ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৫৬ পয়েন্ট হয়েছে।

তিন খাত ‘শক্তিশালী সম্প্রসারণে’ থাকায় আগামী মাসগুলোতে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আশাবাদী পিইবি চেয়ারম্যান মাসরুর রিয়াজ। তিনি বলেন, “জুলাইয়ের পিএমআই বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যার নেতৃত্বে রয়েছে উৎপাদন খাতের পূনরুদ্ধার, কৃষি ও সেবা খাতের অব্যাহত সম্প্রসারণ।” 

উৎপাদন খাতের পূনরুদ্ধারে একক মাস হিসেবে জুলাইতে গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রপ্তানি হয় তথ্য দিয়ে তিনি বলেন, “সর্বোচ্চ মাসিক রপ্তানি আয় অর্জনের বিষয়টিও সামঞ্জস্যপূর্ণ। পরিস্থিতির উন্নতি সত্ত্বেও নির্মাণ খাত সামান্য সংকোচনের মধ্যে রয়েছে।’’