২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবৃদ্ধি বাড়লে কর আদায় বাড়ছে না কেন: দেবপ্রিয়

“কর সংগ্রহ হচ্ছে না কেন? তাহলে কি সংগ্রহ করা হচ্ছে না? নাকি হিসাবের গরমিল আছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 09:49 PM

Updated : 30 Aug 2022, 09:49 PM

প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আদায় না বাড়াকে দেশের অর্থনীতির বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য।

তিনি বলেছেন, “কর সংগ্রহ করতে না পারায় এখন আমদানি করা যাচ্ছে না। খাদ্য সহায়তা বাড়ানো যাচ্ছে না। শুল্ক কমাতে পারছে না। পরোক্ষ কর থেকে রাজস্ব সংগ্রহ করতে হচ্ছে বেশি। এটা সাধারণ মানুষকে চাপে ফেলছে।”

মঙ্গলবার অর্থনৈীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ইআরএফ সংলাপ’ অনুষ্ঠানের মূল আলোচকের বক্তব্যে একথা বলেন দেবপ্রিয়।

অর্থনৈতিক প্রবৃদ্ধির সরকারি হিসাব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এক দশক ধরে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে ৫ থেকে ৭ শতাংশ হারে। এর অর্থ আয় বাড়ছে। তাহলে কর সংগ্রহ হচ্ছে না কেন? তাহলে কি সংগ্রহ করা হচ্ছে না? নাকি হিসাবের গরমিল আছে।”

মহামারীর পর ইউক্রেইন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে যে সঙ্কটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে বৈদেশিক লেনদেনে রাশ টানার চেয়ে আর্থিক খাতের দুর্বলতা দূর করাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন দেবপ্রিয়।

অনুষ্ঠানে দেবপ্রিয় বলেন, “বাংলাদেশের মূল সমস্যা বৈদেশিক লেনদেনে নয়। মূল সমস্যা আর্থিক খাতের দুর্বলতা। প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহ না হওয়া। যে কারণে জ্বালানিতে ভর্তুকি, দরিদ্র্যদের খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশের অর্থনীতি সঙ্কটে নেই, তবে চাপে আছে। সামষ্টিক অর্থনীতিতে এখন যে অস্থিরতা চলছে, তা সহসাই কাটবে না। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত এ অস্থিতিশীল পরিস্থিতি থাকবে। যারা বলছেন শিগগিরই সঙ্কট কেটে যাবে, তারা চটজলদি রাজনৈতিক চিন্তা থেকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। এতে বাজারে অস্থিতিশীলতা ও আস্থাহীনতা সৃষ্টি হয়।”

আরেক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, “বিনিময় হার বৃদ্ধি, রেমিটেন্স কমে যাওয়ার সঙ্গে অর্থ পাচারের সংযোগ থাকতে পারে। জ্বালানি তেলের দাম ৩৪ থেকে ৪৪ টাকা পর্যন্ত বাড়িয়ে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত অনৈতিক অব্যবস্থাপনার উৎকৃষ্ট উদাহরণ।”

বর্তমান সঙ্কট মোকাবেলায় স্বল্প মেয়াদী স্থিতিকরণ কর্মসূচি জরুরি বলে মন্তব্য করেন তিনি।

ব্যক্তিখাতে বিনিয়োগ না হওয়া, কর আহরণে দুর্বলতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বিনিয়োগ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বৈষম্য - এই চারটি বিষয়কে অর্থনীতির প্রধান ‘বিচ্যুতি’ হিসেবে দেখান দেবপ্রিয়। এগুলো মোকাবেলা করা না গেলে টেকসই উন্নয়ন এবং পরবর্তী উত্তরণ নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

তিনি বলেন, “সম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত রাষ্ট্রীয় বিনিয়োগ দ্বারা ধাবিত। বেসরকারি বিনিয়োগ বাড়েনি, জিডিপির ২৩ বা ২৪ শতাংশে আটকে আছে। আবার বিদেশি বিনিয়োগও (এফডিআই) হয়নি। এফডিআই জিডিপির এক শতাংশের নিচে, যা গতিশীল অর্থনীতির জন্য যথেষ্ট না।”

রাষ্ট্রীয় বিনিয়োগ বেশি হলে তার সুবিধা নিয়ে ব্যক্তি খাতের বিনিয়োগেও গতি আসত বলে মনে করেন তিনি।

“বাংলাদেশের অবস্থা এক ইঞ্জিনে চলা অ্যারোপ্লেনের মতো। যে বেশি দূর যেতে পারে না। কিছু দূর চলার পর রানওয়ে খুঁজতে থাকে।”

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ কম হয়েছে মন্তব্য করে দেবপ্রিয় বলেন, “সরকার ভৌত অবকাঠামোতে যে পরিমাণ বিনিয়োগ করছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেই বরাদ্দ থাকছে না।

“২০টি মেগা প্রকল্পের জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হচ্ছে। অথচ স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে জিডিপির এক শতাংশ। শিক্ষাতেও সমপরিমাণ। রাজনৈতিক শক্তির বৈধতার জন্য খুব দ্রুততার সাথে দৃশ্যমান ভৌত অবকাঠামো উন্নয়ন করতে চাচ্ছে।”

পুঁজিবাদের বিকাশে সব দেশেই ‘লুণ্ঠন’ হয় মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশে প্রথমে আর্থিক খাতে লুণ্ঠন হয়েছে। পরে হয়েছে পুঁজিবাজারে। এখন সরকারি প্রণোদনায় অতিমূল্যায়িত প্রল্পের মাধ্যমে ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠান লুণ্ঠন করছে। তবে লুণ্ঠনের পরে বিচার ব্যবস্থা, প্রতিষ্ঠান গড়ে ওঠে। বাংলাদেশে তা দেখা যাচ্ছে না।

“এখানে প্রতিযোগিতার চেয়ে সংযোগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে জবাবদিহির জায়গা দুর্বল হয়ে গেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ক্ষতি হবে প্রধান রাজনৈতিক শক্তির।”

ঢাকার পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শারমিন রিনভী। ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।