১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল এক মাস

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তি শ্রেণির করদাতারা ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব জমা দিতে পারবেন।

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল এক মাস
এনবিআরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যক্তি শ্রেণির করদাতারা ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে জরিমানার মুখোমুখি পড়তে হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 06:53 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ৩০ নভেম্বর।

রোববার এনবিআর এক আদেশে এ কথা জানায়।

এনবিআরের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন পেশার করদাতারা এনবিআরকে সময়সীমা বৃদ্ধির জন্য অনুরোধ করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।

এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে বাধ্যতামূলক করা হয়েছে।

৩ লাখ ৭৫ হাজার করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিধান অনুযায়ী বছরে আয় সাড়ে তিন লাখ টাকার বেশি হলে আয়কর প্রযোজ্য হয়। ব্যাংক হিসাব খোলা, ক্রেডিট কার্ড ব্যবহারসহ বেশ কিছু কাজে এখন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

রিটার্ন জমা দিলে ব্যাংকে সঞ্চয়ে সুদ বা মুনাফা এবং পুঁজিবাজারে লভ্যাংশের ওপর আয়কর ১৫ শতাংশের বদলে ১০ শতাংশ হয়।