১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় করমুক্ত থাকবে বিদেশি চিকিৎসকদের ফি

গত ২৮ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এনবিআর চেয়ারম্যানের কাছে এসব কর মওকুফের আবেদন করা হয়।

জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় করমুক্ত থাকবে বিদেশি চিকিৎসকদের ফি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 09:53 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

জুলাই-অগাস্ট অভ্যুত্থানে আহতদের চিকিৎসাসেবা দিতে আসা বিদেশি চিকিৎসকদের ফি ও হোটেল ভাড়ার ওপর থেকে কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রোববার এনবিআরের এক ‘বিশেষ আদেশে’ বলা হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দিতে স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে আসা বিদেশি চিকিৎসকদের নির্ধারিত ফি ও হোটেল ভাড়ার (আপ্যায়ন ব্যয়সহ) ওপর থেকে ভ্যাট অব্যাহতি দেওয়া হল।”

এর আগে গত ২৮ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এনবিআর চেয়ারম্যানের কাছে এসব কর মওকুফের আবেদন জানানো হয়।

চিঠিতে বলা হয়, গণঅভ্যুত্থানে আহত রোগীদের চোখের চিকিৎসাসেবা দিতে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ পাঁচ চিকিৎসক ১ থেকে ২ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করবেন। 

বাংলাদেশে অবস্থানকালে হোটেল ভাড়া, খাবার ও উড়োজাহাজ ভাড়া বাবদ ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে।

চিঠিতে বলা হয়, গণঅভ্যুত্থানে আহত রোগীদের চক্ষু চিকিৎসাসেবার কর সংক্রান্ত প্রজ্ঞাপনে ২০ শতাংশ হারে কর কেটে নেওয়ার কথা বলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দিতে আসা বিদেশি চিকিৎসকদের ফির কর বসানো হলে মূল বরাদ্দে অর্থের সংস্থান কমে যাবে। ফলে সংশ্লিষ্ট খাতে ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা প্রয়োজন।