এডিবির সঙ্গে আরো ১০ কোটি ডলারের ঋণচুক্তি
পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে
অবকাঠামো খাতে সক্ষমতা বাড়াতে আরো ১০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে রাষ্ট্রায়ত্ব আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড, বিআইএফএফএল এর সক্ষমতা বাড়াতে এ অর্থ খরচ হবে।
বৃহস্পতিবার আঞ্চলিক এ সংস্থাটির সঙ্গে ঋণচুক্তি সই হয়।
অর্থমন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ বিভাগ সরকারের পক্ষে এ অর্থব্যহারের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।
এ ঋণটি অডিনারি ক্যাপিটাল রিসোর্সেস হিসেবে পাওয়া গেছে, যা পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধ করতে হবে।
বিদেশি সুদহার নির্ধারণের অন্যতম আন্তর্জাতিক মাপকাঠি সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট-এসওএফআর রেটের সঙ্গে শূন্য দশমিক ৫০ শতাংশ ও প্রিমিয়াম শূন্য দশমিক এক শতাংশ যোগ হবে।
এছাড়া কমিটমেন্ট বা প্রতিশ্রতি মাশুল হিসেবে যোগ হবে শূন্য দশমিক ১৫ শতাংশ সুদ।
আগের দিন বুধবার বাংলাদেশের জন্য ৬০ কোটি ডলারের নীতি-ভিত্তিক ঋণ অনুমোদন করেছে এডিবি।
এই অর্থে অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি দেশীয় সম্পদ আহরণ বাড়ানোর সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হবে।
পুরনো খবর:
