২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে ডলার কেনায় বাড়ছে রিজার্ভ

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 12:40 AM

Updated : 26 Aug 2026, 01:23 PM

কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামে ডলার কেনার পর বৈদেশিক মুদ্রাটির দর ও রিজার্ভ দুটোই বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার রাতে রিজার্ভের হালনাগাদ তথ্য সাংবাদিকদের জানান। 

তাতে দেখা যাচ্ছে, ১৬ জুলাই শেষে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে। আর গ্রস রিজার্ভের পরিমাণ হয়েছে ৩০ দশমিক ০৩ বিলিয়ন ডলার।

এর আগে ৭ জুলাই বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভে ছিল ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। আর গ্রস রিজার্ভ ছিল ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

আরিফ হোসেন খান বলেন, “নিলামের মাধ্যমে যে ডলার কেনা হয়েছিল তা রিজার্ভে যোগ হয়েছে। তাতে রিজার্ভ বেড়েছে। তাছাড়া এ পদ্ধতিতে ডলার দরকে স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে।"

রোববার প্রথমবারের মত নিলামে ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। সেদিন কেনা হয় ১৭ কোটি ১০ লাখ ডলার; আর মঙ্গলবার কেনা হয় ৩১ কোটি ৩০ লাখ ডলার।

এ নিয়ে দুই নিলামে ৪৮ কোটি ৪০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দিনে কেনা ডলার বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে।

বাংলাদেশ ব্যাংক রিজার্ভের তিন ধরনের পরিসংখ্যাণ সংরক্ষণ করে। একটি মোট রিজার্ভ, যেখানে বিভিন্ন তহবিলের অর্থের হিসাবও যোগ হয়। দ্বিতীয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদ্ধতি অনুযায়ী রিজার্ভ। তৃতীয়টি ব্যবহারযোগ্য রিজার্ভ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের অর্থ পেতে ১৪ মে ডলারের বিনিময়মূল্য বাজারভিত্তিক করার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে এতে ডলারের দাম বাড়েনি।

প্রথমে কিছুদিন একই জায়গায় ঘুরপাক খাওয়ার পর সপ্তাহ দেড়েক আগে ডলারের দরে কিছুটা নিম্নমুখী ভাব দেখা যায়। 

এর কারণ হিসেবে রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলেন ব্যাংকাররা। মূলধনি যন্ত্রপাতির আমদানি কমায় সেভাবে ডলার খরচ হচ্ছে না বলেও তারা তুলে ধরেন।

এ পরিস্থিতিতে ডলারের দরপতন ঠেকাতে ব্যাংকগুলোর কাছ থেকে প্রথমবারের মত নিলামে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রত্যাশার চেয়েও বেশি দরে ডলার কিনতে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংককে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার ব্যাংকগুলো ১২১ টাকা ২০ পয়সা দরে ডলার বিক্রি করেছে। মঙ্গলবার এই দর ১২১ টাকা ৫০ পয়সা, সোমবার ১২০ টাকা ১০ পয়সা এবং রোববার ১২১ টাকা ২০ পয়সা ছিল।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “প্রতিদিনই ডলার কেনা হবে- এমন নয়। বাজার পরিস্থিতি অনুযায়ী যখন প্রয়োজন মনে করা হবে, তখনই আমরা এভাবে অকশনের (নিলামের) মাধ্যমে ডলার কিনব।”