১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা, সহায়তা দিয়ে যাবে এডিবি

ব্যাংক ও অন্যান্য খাতের সংস্কারের জন্য ৩০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা নিয়ে বৈঠকে আলোচনা বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 06:11 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

চলমান ঋণ ও ভবিষ্যৎ অর্থায়ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার সচিবালয়ে নিজের এই বৈঠক হয়। 

বৈঠকে এডিবির সিনিয়র অ্যাডভাইজার এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। আজকের বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড এবং অন্যান্য জলবায়ু প্রকল্পগুলো নিয়ে আলাপ করেছি। এছাড়া ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে।

“এডিবি তার চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে ও দীর্ঘমেয়াদী প্রকল্প পরিকল্পনা নিয়ে আমরা আলাপ করেছি।” 

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, এলডিসি গ্রাজুয়েশন উপলক্ষে বাজেট সহায়তা বাবদ যে ৪০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা, তা ডিসেম্বরের মধ্যে আসবে। 

তিনি আরও বলেন, এছাড়া ব্যাংকিং, জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ অন্যান্য খাতের সংস্কারের জন্য এডিবি ও বিশ্ব ব্যাংকের কাছে ৩ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা চাওয়া হয়েছিল। এর মধ্যে এডিবির কাছে চাওয়া হয়েছিল এক বিলিয়ন ডালার। আগামী মার্চের মধ্যে এই খাতে ৫০০ মিলিয়ন ডলার দেবে এডিবি। 

বৈঠকে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।