অক্টোবরের ২৫ দিনে রেমিটেন্স এল ২ বিলিয়ন ডলার
২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কোনো মাসে রেমিটেন্স দুই বিলিয়ন ডলারের নিচে নামেনি।
প্রবাসী আয়ের আগের ধারা বজায় রেখে চলতি অক্টোবরের ২৫ দিনে রেমিটেন্স এসেছে দুই বিলিয়ন ডলারের বেশি।
রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন বলছে, এ সময়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে ২০৩ কোটি ২৯ লাখ ডলার পাঠিয়েছেন।
দৈনিক হিসাবে এ মাসে গড়ে ৮ কোটি ১৩ লাখ ডলার দেশে এসেছে। ২০২৪ সালের অক্টোবর মাসে গড়ে দৈনিক রেমিটেন্স এসেছিল ৭ কোটি ৭২ লাখ ডলার।
আগের বছরের অক্টোবরের পুরোটা সময়ে রেমিটেন্স আসে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। চলতি মাসের পাঁচ দিন বাকি থাকতেই আগের বছরের একই মাসের প্রায় সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগের মাস সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। আগের বছরের একই মাসের চেয়ে প্রবৃদ্ধি হয়েছিল ১১ দশমিক ৭২ শতাংশ। ২০২৪ সালের সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ ছিল ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।
২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কোনো মাসে রেমিটেন্স দুই বিলিয়ন ডলারের নিচে নামেনি। এ সময়ের পরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে গত মার্চে, ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। সর্বনিম্ন ছিল গত জানুয়ারিতে ২ দশমিক ১৮ বিলিয়ন ডলার।
রেমিটেন্স প্রবাহ বেড়ে যাওয়ায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। গত ২১ অক্টোবর শেষে গ্রস হিসাবে বাংলাদেশের রিজার্ভ ৩২ দশমিক ১ বিলিয়ন ডলার হওয়ার তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে তা ছিল ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
