চাকসু নির্বাচন: ছুটি শেষে ভোটের প্রচারে সরগরম ক্যাম্পাস
বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এক হয়ে আবার কেউ কেউ ভাগ হয়েও বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন। প্রচারের সময় এক প্যানেলের প্রার্থীদের সঙ্গে অপর কোনো প্যানেলের প্রার্থীদের দেখা হচ্ছে, হাসিমুখে তারা কুশল বিনিময়ও করছেন।
দুর্গাপূজার ছুটি শেষে খুলেছে ক্যাম্পাস, শিক্ষার্থীদের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরু হয়েছে পুরোদমে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ঝুপড়ি, অনুষদের শ্রেণি কক্ষ, গুরুত্বপূর্ণ মোড়, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় রেল স্টেশন, শাটল ট্রেন, চায়ের আড্ডায় রোববার দিনভর নির্বাচনি প্রচার চলে।
জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের প্রচারপত্র নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাথে কুশল বিনিময় করে ভোট চান। এসময় তারা ভোটারদের কথা শোনেন এবং নির্বচিত হলে প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন।
বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এক হয়ে আবার কেউ কেউ ভাগ হয়েও বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন। প্রচারের সময় এক প্যানেলের প্রার্থীদের সঙ্গে অপর কোনো প্যানেলের প্রার্থীদের দেখা হচ্ছে, হাসিমুখে তারা কুশল বিনিময়ও করছেন।
এক কথায় পূজার ছুটি শেষে চাকসু ও হল সংসদের নির্বাচনের প্রচারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল সরগরম।
গত ২৮ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল।ওইসময়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও প্রার্থীরা আবাসিক হলে এবং চট্টগ্রাম শহরে প্রচার চালিয়ে যান।
ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোটের‘ প্রার্থীরা রোববার নতুন কলাভবন, রেল স্টেশন, বাণিজ্য অনুষদ ও রেল স্টেশন ও শাটল ট্রেনে প্রচার চালিয়েছেন।
চাকসু নির্বাচনে এই প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব দুপুরে বাণিজ্য অনুষদে প্রচার চালান, এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট চান।
তিনি বলেন, “চাকসু সকল শিক্ষার্থীদের প্ল্যাটফরম, সকল রাজনৈতিক দল নির্বচনে অংশ নিচ্ছে। চাকসু যেন সকল শিক্ষার্থীর প্ল্যাটফরম হিসেবে গড়ে উঠতে পারে, সে চেষ্টা আমাদের থাকবে।”
সাঈদ বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আগেও আমাদের সম্পর্ক ছিল, এখনো আছে। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচন নিয়ে আমরা আমাদের ভাবনাগুলো শেয়ার করছি। শিক্ষার্থীরা আমাদের সাড়া দিচ্ছেন। আমরা আশা করছি, প্রশাসনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।”
এদিন দুপুরে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বর এবং শাটল ট্রেনে প্রচার চালান ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন। একই স্থানে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভোট চান।
হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা অবস্থান করেছে, তাদের সাথে যোগাযোগ করেছি আমরা। তাদের সমস্যা এবং সমাধানের বিষয়ে জানতে চেয়েছি। ক্যাম্পাস খোলার পর বিভিন্ন জায়গায় আমরা প্রচার চালিয়েছি।”
শিক্ষার্থীদের কাছ থেকেও সাড়া পাচ্ছেন দাবি করে তিনি বলেন, “আমরা আবাসন সংকট, পরিবহন সংকট এবং নারীসহ সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি শিক্ষার্থীদের।”
রোববার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালান সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈকি সংগঠন মিলিয়ে গড়া ‘বৈচিত্র্যেরে ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
এ প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, “আমাদের প্যানেলে বৈচিত্র্য রয়েছে। বিশেষ করে নারী ও আদিবাসী প্রার্থী রয়েছে।এ বৈচিত্র্য নিয়ে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা অতীতে দেখেছি দখলদারত্ব ও ক্ষমতার বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জীবন বিপন্ন হয়েছে, একাডেমিক লাইফ নষ্ট হয়েছে। সে বাস্তবতায় আমরা যেতে চাই না।”
বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী চৌধুরী তাসনীম জাহান শ্রাবণ দুপুরে প্রচার চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে। তখন সেখানে প্রচারপত্র দিয়ে ভোট চাইছিলেন ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী শাফায়াত হোসেন।
এক সময় দুজন মুখোমুখি হন এবং হাসিমুখে একে অপরের প্রচারপত্র ও ইশতেহার বিনিময় করেন। শ্রাবণ এ সময় শাফায়াতকে তার ইশতেহার পড়ে দেখার অনুরোধ করেন। শাফায়াতও ইশতেহার পড়ে দেখবেন বলে আশ্বাস দেন।
শ্রাবণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীরা সকলেই নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। তাদের এ দিকটাকে সম্মান জানাই। তারা আমাদের মাধ্যমে অনেক কিছুই চাইছেন। আমাদের প্যানেল তাদের কথা, বিশেষ করে বিভিন্ন সংকট এবং সম্ভাবনার কথা বলার চেষ্টা করছে।”
বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের এই প্রার্থী বলেন, “আমি বা আমাদের প্যানেল নির্বাচিত হই বা না হই, অন্য প্যানেলের যে প্রার্থী জয়ী হবেন, আমাদের ইশতেহারে যেসব কথা বলেছি, তিনি সেসব পালন করবেন বলে আশা করবো। সে কারণে উনাকে (ছাত্রদলের প্রার্থী) ইশতেহার ও প্রচারপত্র দিয়েছি।
“তিনি যদি র্নিাচিত হন, ছাত্রদের এসব দাবি পালন না করলে উনাকে গিয়ে প্রশ্ন করব–কেন করতে পারেন নাই।”
ছাত্রদলের জিএস প্রার্থী শাফায়েত বলেন, “দলগতভাবে এখনো আমাদের ইশতেহার ঘোষণা হয়নি। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট এবং ছাত্র অধিকারের বিষয়গুলোকে সামনে এনে প্রচার করছি।
“তার ইশতেহার নিয়েছি।সকল দলের বা প্যানেলের ইশতেহার সংরক্ষণ করছি। এসব আমি পড়ব এবং তাদের দাবি বা প্রতিশ্রুতিগুলোর প্রতি আমাদের সম্মান থাকবে। শিক্ষার্থীবান্ধব চাকসু তৈরির চেষ্টা থাকবে আমাদের।”
সরগরম ক্যাম্পাসে ভোট নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। বহু বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, এবং তারা ভোট দিতে পারবেন–এটাই তাদের কাছে আনন্দের বিষয়।
ভোটাররা প্রার্থীদের আচার-আচরণ এবং তাদের প্রতিশ্রুতির দিকে নজর রাখছেন। ‘সব দিক ভেবে’ তারা ভোট দেওয়ার কথা বলছেন।
সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী নুসরাত তাসিন বলেন, “চাকসু নির্বাচন নিয়ে আমাদের অনেক আগ্রহ। নির্বাচন খুব ভালো হবে এই আশা করছি। প্রার্থীরাও তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন।”
বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যার কথা তুলে ধরে এ শিক্ষার্থী বলেন, “আমরা চাই আমাদের সংকটের কথা নির্বাচিত প্রতিনিধিরা বলবেন। দেখে-শুনে-বুঝে ভোট দেব।”
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজোয়ানুল ইসলাম বলেন, “৩৬ বছর পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। প্রার্থীরা প্রচার করছে। আমরা ভোটার, মানে সাধারণ শিক্ষার্থীরাও তাদের প্রতিশ্রুতি বা আচার আচরণ প্রত্যক্ষ করছি।”
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠেয় চাকসু ও হল সংসদের নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৯০৭ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
