২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাকসুতে লড়ছেন স্বামী-স্ত্রী, গড়তে চান ‘সম্প্রীতির ক্যাম্পাস’

“নির্বাচনে জিতে আমরা শিক্ষার্থীদের কথা বলতে চাই; সম্প্রীতির ক্যাম্পাস গড়তে চাই,” বলেন ভিপি প্রার্থী ফরহাদ।

চাকসুতে লড়ছেন স্বামী-স্ত্রী, গড়তে চান ‘সম্প্রীতির ক্যাম্পাস’
ফরহাদুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া সুলতানা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে একটি প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়েছেন মোহাম্মদ ফরহাদুল ইসলাম। একই প্যানেল থেকে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ফরহাদের স্ত্রী জাকিয়া সুলতানা।

সাধারণ শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে তারা ভোটের প্রতিযোগিতায় নেমেছেন।

ফরহাদ ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের (২০১৯-২০২০ সেশন) শিক্ষার্থী। জাকিয়াও একই বিভাগের একই বর্ষের ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফরহাদ বলেন, “নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচনে জিতে আমরা শিক্ষার্থীদের কথা বলতে চাই। সম্প্রীতির ক্যাম্পাস গড়তে চাই।”

নিজেদের ইচ্ছাতেই নির্বাচনে প্রার্থী হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি ভিপি পদে প্রার্থী হব, এটা ঠিক হবার পর জাকিয়াকে জানাই। তখন সেও প্রার্থী হবার আগ্রহ দেখায়।

“আমি তাকে উৎসাহ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার তার ওপর ছেড়ে দিই। আমাদের পরিবারও তাতে সম্মতি দিয়েছে। পরবর্তীতে দুজনই একই প্যানেল থেকে ফরম সংগ্রহ করে জমা দিই।”

ফরহাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকায়। তিনি নানুপুর আজহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন।

অপরদিকে সমাজসেবা সম্পাদক প্রার্থী জাকিয়া সুলতানার বাড়ি চট্টগ্রামের কর্ণফুলীর খোয়াজনগরে। তিনিও দাখিল ও আলিম পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

দ্বিতীয় বর্ষে পড়ার সময় তাদের বিয়ে হয়। তাদের প্রায় দুই বছরের এক মেয়েও রয়েছে।

জাকিয়া সুলতানা বলেন, “শিক্ষার্থীদের প্রতি নিজেদের দায়বদ্ধতা ও আমাদের সমাজে মেয়েদের পিছিয়ে পড়ার বিষয়টিও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, পরিবহন সংকটসহ নানা সমস্যা আমি নিজে শিক্ষার্থী হিসেবে ভুক্তভোগী।

“এ বিষয়গুলোতে কথা বলতে চাই, সংকট সমাধানে কাজ করতে চাই। শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এসব কারণেই চাকসুতে প্রার্থী হয়েছি।”

নির্বাচনে প্রার্থী হওয়ারে ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনের প্রতিবন্ধকতা ছিল না, এ প্রশ্নে জাকিয়া বলেন, “শ্বশুর পক্ষের সবাই পড়ালেখার সময়ে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। উনাদের সহযোগিতা না থাকলে মেয়ে হিসেবে, সন্তানের মা হিসেবে এতদূর আসতে পারতাম না। চাকসু নির্বাচনের প্রচারেও তাদের সহযোগিতা থাকবে।”

ভিপি পদপ্রার্থী ফরহাদ বলেন, “ক্লাসরুম, সংসার ও সন্তান, একসঙ্গে সামলে এগিয়ে যাচ্ছি। দুই জনই নির্বাচিত হলে একসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করব।”

আগামী ১৫ অক্টোবর চাকসু ও সংসদের নির্বাচন হবে। বৃহস্পতিবার প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়েছে। শুরু হয়েছে প্রচার-প্রচারণা।

চাকসু নির্বাচনে ২৬ পদে প্রার্থী হয়েছেন ৪১৫ জন। ১৫টি হল ও হোস্টেলের সংসদ নির্বাচনে লড়ছেন ৪৯৩ জন। ভিপি পদে ২৪ জন এবং জিএস পদে প্রার্থী হয়েছেন ২২ জন। 

ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল নিজ নামে এবং ছাত্র শিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামের প্যানেল দিয়েছে।

এর বাইরে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট ‘দ্রোহ পর্ষদ’ নামে, ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে ইসলামী ছাত্র আন্দোলন, বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদ সম্মিলিতভাবে ‘বৈচিত্র্যের ঐক্য’ মিলিয়ে মোট ১২টি প্যানেল অংশ নিয়েছে।