২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাপড়ভরতি দুটি কভার্ডভ্যান আটক চট্টগ্রামে

কাপড়গুলোর কোনো চালানপত্র দেখাতে পারেনি পরিবহনকারী; পুলিশের সন্দেহ, এগুলো চুরি করা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 06:03 PM

Updated : 14 Aug 2023, 06:03 PM

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার কাপড়ভরতি দুটি কভার্ড ভ্যান আটক করে পুলিশ বলছে, কাপড়গুলো কোনো পোশাক কারখানার, এগুলো চুরি করে নেওয়া হচ্ছিল ঢাকায়।

নগরীর বন্দর থানার বেড়ি বাঁধ টোল রোডের কাটা বাগান এলাকা থেকে রোববার কভার্ড ভ্যানগুলো আটক করে পুলিশ।  দুই কভার্ড ভ্যান থেকে ৫৫০ রোল কাপড় জব্দ করা হয়েছে।

দুই কভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. কাশেম (৪০) ও রিয়াদ হোসেন (২৫)।

চট্টগ্রাম বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে কাপড়গুলো সংগ্রহ করে ঢাকায় নেওয়ার কথা জানিয়েছেন দুই চালক। কিন্তু তারা কাপড়ের মালিক বা চালানের কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি।

একটি কভার্ড ভ্যান থেকে ২৮২ রোল এবং আরেকটি থেকে ২৬৮ রোল কাপড় জব্দ করা হয়েছে।

ওসি বলেন, “কভার্ড ভ্যানচালকরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। কাপড়গুলো কোথায়, কার কাছে নেবে, সে ধরনের কিছু বলতে পারছে না।

“আমাদের ধারণা তারা কোনো সিন্ডিকেটের সাথে জড়িত। বিভিন্ন গার্মেন্টেসের কাপড় চুরি করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিল।”

সোমবার পর্যন্ত কাপড়গুলোর মালিকানা দাবি করে কেউ পুলিশে যোগাযোগ করেননি বলে জানান পুলিশ কর্মকর্তা সঞ্জয়।

দুই ভ্যানচালকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।