চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘জব্বারের বলী খেলা’র মঞ্চ প্রস্তুত
বলী খেলা হবে ২৫ এপ্রিল, মঞ্চ পরিদর্শন করে ট্রফি ও জার্সি উন্মোচন করেন চট্টগ্রামের সিটি মেয়র
চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলার মঞ্চ প্রস্তুত, কুস্তিগীররা মল্লযুদ্ধে সামিল হবেন ২৫ এপ্রিল।
বুধবার বিকালে বলী খেলার জন্য লালদীঘি মাঠে তৈরি লড়াই মঞ্চ (রিং) পরিদর্শন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। মাঠ পরিদর্শন শেষে বলী খেলার ট্রফি ও জার্সি উন্মোচন করেন তিনি।
লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন মাহবুব উল আলম চৌধুরী পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে মেয়র রেজাউল বলেন, “চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় আমি বদ্ধপরিকর। লালদীঘির সড়কে তিনদিন বৈশাখী মেলা হবে। ব্রিটিশবিরোধী সংগ্রামের অংশ চট্টলাবাসীর গর্বের জব্বারের বলী খেলার আয়োজনে কোনো কমতি থাকবে না।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার ১১৪তম আসর হবে ২৪ থেকে ২৬ এপ্রিল এবং ২৫ এপ্রিল হবে বলী খেলা। এবার তিন বছর পর আবার বলী খেলা লালদীঘির মাঠে হতে যাচ্ছে। তবে মাঠের ছয় দফা মঞ্চ উন্মুক্ত থাকবে।
বাঁশ ও বালি দিয়ে মাঠে তৈরি করা হয়েছে বলী খেলার মঞ্চ (রিং)। আর মেলা হবে মাঠের বাইরে আশেপাশের এলাকা জুড়ে।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সহসভাপতি চৌধুরী ফরিদ, ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এবং সংগীত শিল্পী আলাউদ্দিন তাহের প্রমুখ।
২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর কারণে জব্বারের বলী খেলা ও মেলার আয়োজন করা হয়নি। সে হিসেবে তিন বছর পর লালদিঘীর মাঠে ফিরছে ঐতিহাসিক জব্বারের বলী খেলা।
ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ও শরীর গঠনে উৎসাহিত করতে ১৯০৯ সালে নগরীর বক্সিরহাট এলাকার বাসিন্দা আব্দুল জব্বার সওদাগর লালদীঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিত।
বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর ১২ বৈশাখ লালদীঘির ময়দানে বলী খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, তিন পার্বত্য জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে নানা বয়সী বলীরা এই মল্লযুদ্ধে অংশ নেন।
