২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরে কুরিয়ারে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

মাস খানেক আগে ষোলশহর এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ওই চুরির ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 09:01 PM

Updated : 01 Sep 2022, 09:01 PM

চট্টগ্রামে একটি কুরিয়ার সার্ভিস কার্যালয়ে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

মাস খানেক আগের ওই চুরির ঘটনায় বুধবার নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জসীম উদ্দিন (৪৬), খোরশেদ আলম (৪২), সাইফুল ইসলাম (৩৭) ও মো. রবি (২৮)। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, দুইটি ক্যামেরা লেন্স ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়েছে।পাশাপাশি চুরির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম ও একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩ অগাস্ট রাতে খুলশী থানার ষোলশহর ২ নম্বর গেইট এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে চুরির ঘটনা ঘটে।

“চোরের দল ভবনের দ্বিতীয় তলার টিন শেড কেটে কার্যালয়ে প্রবেশ করে এক লাখ ৩২ হাজার টাকা নগদ ও আনুমানিক দুই লাখ ৭০ হাজার টাকার বিভিন্ন ধরনের মালামাল চুরি করে নিয়ে যায় অভিযোগ করে খুলশী থানায় একটি মামলা করে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ।”

ওসি জানান, মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার জসীমকে হাটহাজারী থেকে এবং রাউজান থেকে খোরশেদকে গ্রেপ্তার করা হয়। পরে নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ও রবিকে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তার হওয়ারা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা নগরীর বিভিন্ন স্থানে চুরিসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত।”

বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বলে জানান তিনি।