২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সমাবেশ বাধাগ্রস্ত করার পাঁয়তারা চলছে: আমীর খসরু

আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের একদিন পর তিনি এ মন্তব্য করলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 07:21 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার চট্টগ্রামে নগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য । পাশাপাশি সেই ‘ফাঁদে’ নিজের দলের নেতাদের পা না দেওয়ার পরামর্শ দেন তিনি।

আমীর খসরু চৌধুরী বলেন, “কালকের (বুধবার) সভাকে ঘিরে জনগণের মাঝে যে জাগরণ উঠেছে, আমাদের নেতাকর্মীরা উজ্জ্বীবিত। আওয়ামী লীগ বুঝতে পারছে জনগণ জেগে উঠেছে, তাদের সাথে নাই।

“জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা রাজনৈতিক দল হিসেবে কাজ করতে পারছে না। তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে… বিএনপি’র সভা করতে তারা বাধাগ্রস্ত করার চিন্তা করছে।”

সোমবার চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করে বলেছিলেন, বিএনপি বিভাগীয় সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতি সাধনে কিছু করলে তা প্রতিহত করা হবে।

একদিন বাদে আমীর খসরু অভিযোগ করেছেন,অনেকেই এদিক-সেদিক বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।

“অনেক কিছু বলবে, গুজব ছড়াবে; এতে কর্ণপাত না করে ধৈর্য ধরতে হবে। পূর্ণমাত্রায় ধৈর্য ধরে আমরা আমাদের কাজ এগিয়ে নেব। কে, কী বলছে, সেদিকে কান দেবেন না। ওরা চাচ্ছে আমাদের সেদিকে ডায়ভার্ট করার জন্য, আমরা সেদিকে যাব না।”

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল-ডাল, জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিভিন্ন হত্যাকাণ্ড ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিভাগীয় গণ সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

সমাবেশের আগের দিন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন চট্টগ্রামের নেতারা।

তেল, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিম্ন পর্যায়ে চলে গেছে মন্তব্য করে আমীর খসরু বলেন, “৪০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে। বড় শঙ্কা দুই বেলার অন্ন তারা পাচ্ছে না। টিসিবির গাড়িতে যে লাইন দেখতে পাচ্ছি সেটা অভাবনীয়।” 

তিনি বলেন, “জনগণের উৎসাহ-উদ্দীপনা এবং মুক্তির সংগ্রামে এগিয়ে আসার জন্য মানুষের মাঝে যে আশা জেগেছে, সেটি দেখে আমরা চট্টগ্রামের সবচেয়ে বড় পলোগ্রাউন্ড মাঠ ঠিক করেছি।”

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি খসরু বলেন, “খালেদা জিয়ার উপস্থিতিতে ২০১১ সালে পোলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশের সবচেয়ে বড় জনসভা হয়েছিল। আজকে হয়ত আমাদের নেত্রী আসবে না…

“কিন্তু যে অবস্থায় বাংলাদেশে পৌঁছেছে, গর্ত থেকে বের হয়ে আসার জন্য মানুষ সংগ্রামে নেমেছে সেটার প্রতিফলন আগামীকাল পলোগ্রাউন্ড মাঠে ঘটবে। দেশের মানুষ তাকিয়ে আছে। আশা করি চট্টগ্রামবাসী সেটার প্রতিফলন দেখাবে।”

সমাবেশে বিএনপি নেতাকর্মীদের লাঠি হাতে রাজপথে নামার হুমকি এবং তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিরোধ করার ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খসরু বলেন, “বাংলাদেশের সংবিধান আছে, আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য বাহিনী আছে।

“আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর, কোনো দলের না। সুতরাং কোনো দল যদি আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে চায়, আমি আশা করব- যাদের দায়িত্ব তারা সেটা পালন করবে। কোনো দলের ওপর যেন ন্যাস্ত না করে।”

“ইতোমধ্যে আমাদের নেতৃত্ব থেকে পরিষ্কারভাবে বলা আছে। প্রত্যেকটা সভা-সমাবেশ শান্তিপূর্ণ হবে। জনগণের ওপর আস্থা রেখে বিএনপি’র রাজনীতি জনগণ আমাদের সাথে আছে।”

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

পুরনো খবর:

নাশকতা হলে সমুচিত জবাব, হুঁশিয়ারি চট্টগ্রাম আওয়ামী লীগের