২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা হলে সমুচিত জবাব, হুঁশিয়ারি চট্টগ্রাম আওয়ামী লীগের

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সমাবেশে বিএনপি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অভিযোগ ক্ষমতাসীনদের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 09:32 PM

Updated : 10 Oct 2022, 09:32 PM

বিএনপি বিভাগীয় সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতি সাধনে কিছু করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা। 

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ার উচ্চারণ করেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, “সরকারের নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশ্বে মর্যাদার আসনে দেশ প্রতিষ্ঠিত হয়েছে। 

“বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বিভিন্ন সময়ে নামে-বেনামে ২১ বছর ক্ষমতায় ছিল। তারা দেশে যে বিভেদের ধারা সৃষ্টি করেছিল তা অতিক্রম করে দেশ আজও ঐক্য ধারায় ফিরতে পারেনি। তারা জঙ্গিবাদ ও অস্থিতিশীলতাকে উস্কে দেয়। দেশের অর্জনকে বরণ করার মানসিকতা এখনও অনেকের তৈরি হয়নি।” 

মোছলেম উদ্দিন আহমদ বলেন, "সম্প্রতি বিএনপি কিছু কর্মসূচি দিয়েছে। ১২ তারিখ তারা চট্টগ্রামে সমাবেশ করবে। আশা করি, শান্তিপূর্ণ হবে। আমরা সেদিন কোনো পাল্টা কর্মসূচি সেদিন রাখিনি।

“তবে বিগত দিনে দেখেছি তারা কর্মসূচির নামে অরাজকতা, আগুন সন্ত্রাস, দেশ বিরোধী কাজে অংশগ্রহণ করেছে। এ ধরনের কোনো ঘটনা হলে আমরা রুখে দাঁড়াব।" 

রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার আছে উল্লেখ করে সংসদ সদস্য মোছলেম বলেন, “তা গ্রহণের রাজনৈতিক বিবেকও আমাদের আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ কর্মসূচি যদি জনগণের বিপক্ষে যায় বা আইনশৃঙ্খলা ব্যাহত করার কোনো উদ্যোগ তারা নিলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

“গণতন্ত্র বিকশিত হওয়ার জন্য সম্মিলিত প্রয়াস দরকার। সরকার ও বিরোধী দলের মধ্যে সহনশীল মানসিকতা থাকতে হবে।”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগে নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “ইদানিং বিএনপি সারাদেশে যেসব সভা সমাবেশ করছে তাতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এ কারণে আমাদের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। 

“আইনশৃঙ্খলা বাহিনী তাদের সমাবেশ করার অনুমতি দিয়েছে। আমরা স্বাগত জানাই। তবে যদি সমাবেশের আড়ালে অন্য কিছু বা নাশকতা করতে চায় তবে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকবে। দাঁতভাঙা জবাব দিবে। নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলেছি।”

সরকারি দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব তাদের আছে বলে মন্তব্য করেন আ জ ম নাছির উদ্দীন। 

এক প্রশ্নের জবাবে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, “তাদের কর্মসূচিতে বাধা দেয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তবে বিএনপির সাথে জামায়াত শিবিরসহ মিলে এমন পরিস্থিতি করতে পারে যাতে জানমালের ক্ষতি হয়। 

“আমাদের নেতাকর্মীদের প্রতি বার্তা- তারা যেন সতর্ক থাকে, তবে কার উস্কানিতে যেন পা না দেয় এবং গায়ে পড়ে কারো সাথে বিবাদে না জড়ায়।” 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান, নগর কমিটির সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী।