২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত বাসায় লাশ: ‘ধর্ষণের পর হত্যা করা হয়’ শিশুটিকে

গ্রেপ্তার মিন্টু ঘটনার পর থেকে বেশভূষা পাল্টিয়ে চলতেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 06:51 PM

Updated : 13 Oct 2022, 06:51 PM

চট্টগ্রামের পোর্ট কলোনিতে মাস খানেক আগে যে শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল, তাকে বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নগরীর বেপারি পাড়া এলাকা থেকে গত বুধবার রাতে এক রিকশাচালককে গ্রেপ্তারের পর পুলিশের তরফে এ কথা জানানো হয়।

গ্রেপ্তার ওসমান হারুণ মিন্টুর (৪৪) বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিনি চট্টগ্রাম নগরীতে রিকশা চালান।

বন্দর থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধারের পর থেকেই বিভিন্ন স্থানে পালিয়ে থাকতেন মিন্টু। এমনকি তিনি নিজের বেশভূষাও পাল্টে ফেলেছিলেন।

“বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মিন্টুর পরিচয় শনাক্ত করা হয়। বুধবার রাতে ডবলমুরিং থানার বেপারিপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়,” যোগ করেন তিনি।

গত ১৮ সেপ্টেম্বর নগরীর বন্দর থানার পোর্ট কলোনির ৮ নম্বর সড়কের একটি পরিত্যক্ত বাসা থেকে পুলিশ সাত বছর বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করে।

পুরনো খবর:

চট্টগ্রামে পরিত্যক্ত বাসায় শিশুর লাশ

মেয়েটিকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এক রিকশাচালকের ছবিও প্রকাশ করেছিল।

ওসি মাহফুজুর জানান, লাশ উদ্ধারের পর বন্দর, হালিশহর ও ডবলমুরিং থানা এলাকার শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পাশাপাশি বিভিন্ন সূত্রের মাধ্যমেও খোঁজ খবর নেওয়া হয়।

তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টু শিশুটিকে ধর্ষণের পর গলায় গামছা পেঁছিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

মৃত শিশুটির বাসা হালিশহর থানার বড়পুল এলাকায়। তার বাবাও রিকশাচালক। শিশুটি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করত।

গ্রেপ্তার মিন্টুকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে শিশুটিকে রাস্তায় দেখে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তার রিকশায় তুলে নেয় মিন্টু। হালিশহর কে ব্লক থেকে শিশুটিকে রিকশায় তুলে বড়পুল এলাকায় নিয়ে যায়।

সেখানে বিরিয়ানি খাওয়ানোর পর তাকে পোর্ট কলোনীর ৮ নম্বর সড়কে একটি পরিত্যক্ত বাসায় নিয়ে যায় ওই রিকশাচালক। সেখানে তাকে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে খুন করে লাশ রেখে পালিয়ে যায়।

ওসি মাহফুজ বলেন, “হত্যাকাণ্ডের পর নিজের বেশভূষা পাল্টে ফেলেছিল মিন্টু। আগে লুঙ্গি পরে রিকশা চালালেও পরে সে প্যান্ট শার্ট পরে রিকশা চালানো শুরু করে এবং মুখে দাঁড়ি রেখেছিল।

“এমনকি সে আগে যে মালিকের রিকশা চালাত, সেটি বাদ দিয়ে অন্য গ্যারেজের রিকশা চালানো শুরু করে। তাছাড়া সে নিজেকে গোপনে রাখতে এক মাসে তিনটি বাসা বদল করেছিল।”