চট্টগ্রামে পরিত্যক্ত বাসায় শিশুর লাশ
পুলিশের ধারণা শিশুটিকে ‘ধর্ষণের’ পর হত্যা করা হয়েছে।
চট্টগ্রামের পোর্ট কলোনিতে একটি পরিত্যক্ত বাসার ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাত বছর বয়সী মেয়েটির বাবা পেশায় একজন রিকশাচালক। তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। চট্টগ্রামে তারা থাকত হালিশহরের বড়পুল এলাকায়।
ওই বাসার কাছে পোর্ট কলোনি আট নম্বর রোডের একটি পরিত্যক্ত বাসা থেকে রোববার সকালে পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে।
নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সুলতানা বলেন, ‘শিশুটিকে ধর্ষণের পর হত্যা’ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
“শিশুটির মা ভিক্ষা করেন, বাসার বাইরে বাইরেই থাকেন। গতকাল দুপুরে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে মেয়েটি আর ফেরেনি। রাতেও তাকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি।“
এরপর রোববার সকালে কলোনির বাসিন্দাদের কাছ থেকে ফোন পেয়ে বন্দর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে জানান পুলিশের এই কর্মকর্তা।
লাশ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে উপ-কমিশনার শাকিলা সুলতানা বলেন, ময়নাতদন্তের পর ‘ধর্ষণের’ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
