২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের উদ্দীপনা বর্জনকারীদের মুখে চপেটাঘাত: হাছান

“৭ তারিখ মা-বোন, বউ বাচ্চা ও নাতিদের নিয়ে ভোট সেন্টারে যাবেন, নৌকা মার্কায় ভোট দিয়ে যারা ভোট বর্জন করতে চেয়েছিল আমরা তাদের মুখে কালিমা লেপন করে দেব ইনশাল্লাহ।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 05:28 PM

Updated : 19 Dec 2023, 05:28 PM

উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে দেশের জনগণ নির্বাচন বর্জনকারীদের মুখে কালিমা লেপন করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমগ্র বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনমুখী। মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এটি নির্বাচন বর্জনকারী ও প্রতিহতকারীদের মুখে চপেটাঘাত।

“আগামী ৭ তারিখে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মুখে কালিমা লেপন করবে এই দেশের জনগণ।”

নিজের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী অংশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ আজকে বদলে গেছে। এই রাঙ্গুনিয়ার চিত্র আপনারা একটু মনে করে দেখুন, ১৫ বছর আগে উত্তর রাঙ্গুনিয়ার শেষ প্রান্ত থেকে দক্ষিণ রাঙ্গুনিয়ার শেষ প্রান্তে যেতে সকালে শুরু করলে বিকেল বেলা গড়িয়ে যেত।

“সাথে পোটলা নিয়ে যেতে হত। সড়কগুলোর এমন করুণ অবস্থা ছিল, মানুষের কোমর ব্যথা হয়ে যেত। আর বর্তমানে রাঙ্গুনিয়ারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সর্বোচ্চ এক ঘণ্টায় পৌঁছা যায়।”

হাছান বলেন, “একজন লোক ডিউটি করে আট ঘণ্টা আর আমি সময় দিই ১৬ থেকে ২০ ঘণ্টা। সকাল ৮টায় ঘুম থেকে উঠে রাতের ২টার আগ পর্যন্ত কোনো ঘুম নেই। একজন রাখাল যেভাবে খাটে, আপনাদের সন্তান হিসেবে আমি সেই পরিমাণ খাটাখাটি করি। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ জানাব এই রাঙ্গুনিয়া ও বোয়ালখালী অংশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এগুলো আপনারা মাথায় রাখবেন।

“৭ তারিখ মা-বোন, বউ বাচ্চা ও নাতিদের নিয়ে ভোট সেন্টারে যাবেন, নৌকা মার্কায় ভোট দিয়ে যারা ভোট বর্জন করতে চেয়েছিল আমরা তাদের মুখে কালিমা লেপন করে দেব ইনশাল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, মো. শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, মো. ইদ্রিছ আজগর, মুহাম্মদ আলী শাহ, কামরুল ইসলাম চৌধুরী, ইফতেখার হোসেন বাবুল, আকতার হোসেন খান, শফিকুল ইসলাম, আবদুল মোনাফ সিকদার, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।

চন্দ্রঘোনা লিচুবাগান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের প্রায় ২০ কিলোমিটার ঘুরে তাপ বিদ্যুৎকেন্দ্রের গেইটে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।