২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়ন: চবির বহিষ্কৃত এক ছাত্রের জামিন মেলেনি

শুনানি শেষে অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

যৌন নিপীড়ন: চবির বহিষ্কৃত এক ছাত্রের জামিন মেলেনি

নুরুল আবছার

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 10:22 PM

Updated : 23 Oct 2022, 10:22 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার এক শিক্ষার্থীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা আসামি নুরুল আবছারের জামিন নামঞ্জুর করেন।

চলতি বছর জুলাইতে ক্যাম্পাসে ওই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার নুরুল আবসার বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এবং অপর এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা ও দায়রা জজ আদালতে নুরুল আবছার জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তার বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে কয়েকজন। ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। পরে ২০ জুলাই ওই শিক্ষার্থী হাটহাজারী থানায় মামলা করেন।

পরে শিক্ষার্থীদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে গত ২২ ও ২৩ জুলাই ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজিম, নৃ বিজ্ঞান বিভাগের নুরুল আবছারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে এবং অন্যদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে কর্তৃপক্ষ। 

আসামিরা কারাগারে থাকা অবস্থায় ভুক্তভোগী ছাত্রী টিআই প্যারেডের (শনাক্তকরণ মহড়া) মাধ্যমে তাদের শনাক্ত করেছিল।