২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভোট বর্জনের লিফলেট বিতরণ বিএনপির

“অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে যে তামাশা করতে যাচ্ছে, সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের কাজ হতে পারে না।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 08:50 PM

Updated : 21 Dec 2023, 08:50 PM

ভোট বর্জনের আহ্বান জানিয়ে চট্টগ্রামের লিফলেট বিলি করছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে এ প্রচারপত্র বিতরণ করা হয়।

লিফলেট বিলিকালে চট্টগ্রাম নগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, “অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে যে তামাশা করতে যাচ্ছে, সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের কাজ হতে পারে না।”

দ্বাদশ সংসদ নির্বাচনকে জনগণের ‘ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণকারী একতরফা আসন ভাগাভাগির ডামি নির্বাচন‘ বলেও মন্তব্য করেন তিনি।

সব ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল না দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম নগর বিএনপি’র আহ্বায়ক শাহাদাত ব্যাংক লেনদেনও যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ করেন।

তিনি বলেন, “দেশে এখন আসন ভিক্ষা করার রাজনীতি চলছে। যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেটি আসলে বিরোধী দল খোঁজার নির্বাচন। সরকারের তৈরি কিংস পার্টিগুলো সরকারের কাছে আবদার করছে বিরোধী দল হওয়ার জন্য। এটি জাতির জন্য লজ্জাজনক।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, কমিটির সদস্য কামরুল ইসলাম।