সাগরিকার গরুর বাজার সরগরম, তবে কেনা-বেচা কম
ক্রেতাদের অনেকে দরদাম করেই ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীদের আশা, মঙ্গলবার থেকে জমে উঠবে বেচা-কেনা।
চট্টগ্রামের সাগরিকা বাজারে সারা বছরই কমবেশি গরু কেনা-বেচা হয়। তবে কোরবানির ঈদের আগে এ বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসেন বেপারীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
বছরজুড়ে পশু কেনাবেচার এ হাটে ঈদের আমেজ শুরু হয়েছে আরও কয়েকদিন আগে থেকেই। মূল হাটের আশেপাশের বিভিন্ন মাঠেও প্যান্ডেল টাঙিয়ে তৈরি করা হয়েছে বর্ধিত বাজার।
কিন্তু কোরবানির ঈদের দুই দিন বাকি থাকলেও এখনও কেনা-বেচা জমে উঠেনি বলে জানিয়েছেন বেপারীরা; যদিও হাটে মানুষের কমতি নেই।
ক্রেতাদের অনেকে দরদাম করেই ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীদের আশা, ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার থেকে জমে উঠবে বেচা-কেনা।
ঈদের তিন দিন আগে সোমবার বিকালে সাগরিকা বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা হাঁকডাকে সরব হয়ে উঠেছেন।
বাজারের ব্যবসায়ী আজিজ সওদাগরের প্রতিনিধি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোরবানি উপলক্ষে এক সপ্তাহ আগে ২০০ গরু এনেছেন রাজশাহী, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ থেকে। কিন্তু কোরবানির ঈদের দুই দিন আগ পর্যন্ত তার বিক্রি হয়েছে মাত্র আটটি গরু।
তার দাবি, ক্রেতারা যে দাম বলছে, তাতে তাদের গরু বিক্রি করে খরচ উঠে আসবে না।
শহীদুল মনে করেন, শহরের লোকজন ঈদের দুই/এক দিন আগেই গরু কেনেন। তাই অনেকেই বাজার দেখে চলে যাচ্ছেন। মঙ্গলবার থেকে জমে উঠবে বাজার।
কুমিল্লার চান্দিনা থেকে দুই দিন আগে ৮৭টি গরু নিয়ে এসেছেন আবুল কাশেম। মাত্র তিনটি গরু বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, এখনও বাজারে ক্রেতার সংখ্যা বাড়েনি। যারা আসছেন তারা দাম বেশির অজুহাত দিয়ে ফিরে যাচ্ছেন। তবে কাল থেকে ক্রেতার সংখ্যা বাড়বে।
কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আসা দুলাল হোসেন জানান, রোববার সকালে তিনি ২০টি গরু এনেছেন। তার মধ্যে একটা গরু বিক্রি হয়েছে।
তিনি বলেন, মাঝারি গরুর চাহিদা বেশি। বড় গরু দেখলেও অনেকেই কিনতে পারছেন না।
কিশোরগঞ্জের করিমগঞ্জের জে সি অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠানও গরু নিয়ে এসেছে চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে।
প্রতিষ্ঠানের মালিক এরশাদ উদ্দিন জানান, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ২০টি গরু এনেছেন। তার মধ্যে দুইটা গরু বিক্রি হয়েছে।
এবারের বাজারে গরুর দাম বেশি নিয়ে ক্রেতাদের যে অভিযোগ, তা নিয়ে এরশাদ বলেন, গরু লালন পালনে খরচ বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ। বিভিন্ন কারণে পশু খাদ্যের দাম আগের বছরের চেয়েও বেড়ে গেছে।
“একজন ক্রেতা গত বছর ৮০ হাজার থেকে এক লাখে যে গরু কিনতে পেরেছেন, একই সাইজের গরু এবার ওই দামে কিনতে পারছেন না।”
এরশাদ মনে করেন, পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে গরুর দামও বাড়াতে হচ্ছে। কিন্তু মানুষের আয় বাড়েনি। সাধারণ মানুষের কাছে পশু খাদ্যের দামের বিষয়ে জানা নেই। যার কারণে তারা গতবারের বাজেটে গরু কিনতে এসে কিনতে পারছেন না।
সাগরিকা গরুর বাজারের ইজারাদার এরশাদ মামুন বলেন, বাজারে ক্রেতারা যাচ্ছেন। তবে বিক্রেতার দাম না ছাড়ায় অনেকেই ফিরে যাচ্ছেন।
তবে রাত থেকে বিক্রি বাড়তে পারে বলে মনে করেন তিনি।
চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার ছাড়াও রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ইজারা দেওয়া আরও নয়টি অস্থায়ী বাজার। যেগুলো গত ২০ জুন থেকে চালু হয়েছে।
এ বাজারগুলোর মধ্যে রয়েছে বাকলিয়া নূর নগর হাউজিং এস্টেট মাঠ, পতেঙ্গা খেজুরতলা বেড়ি বাঁধ মাঠ, টিএসপি মাঠ, মুসলিমাবাদ মাঠ, টিকে গ্রুপ মাঠ, পাঁচলাইশের ওয়াজেদিয়া মোড়, আউটার রিং রোডের সিডিএ মাঠ, হালিশহর বড়পুল এলাকায় গোডাউন এলাকা, সল্টগোলা রেলক্রসিং মাঠ।
সাগরিকা গরুর বাজার ছাড়া আরও দুইটি বিবিরহাট বাজার ও পোস্তার পাড়ে স্থায়ী ছাগলের বাজার আছে।
পতেঙ্গা মুসলিমাবাদ সড়ক অস্থায়ী গরুর বাজারের ইজারাদার হারুনর রশিদ জানান, বেচাকেনা চলছে, ক্রেতারা বাজারে যাচ্ছেন। তবে মঙ্গলবার থেকে এ বিক্রি আরও বাড়বে।
একই ভাবে কথা বলেন নূর নগর হাউজিং এস্টেট মাঠের অস্থায়ী বাজারের ইজারাদার সাইফুল ইসলামও।
এদিকে তালিকাভুক্ত বাজারগুলো ছাড়াও বিভিন্ন এলাকায়ও অনেকে গরু কিনে এনে বিক্রি করছেন। আবার অনেকে খামার থেকেও গরু বিক্রি করছেন।
