২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সবাই ভালো থাকব: নওফেল

“ষড়যন্ত্র দেখে জামায়াত ইসলামী এবং তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রশিবিরও ভয়ভীতি দেখাতে মাঠে নেমে গেছে,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 10:43 PM

Updated : 13 Oct 2023, 10:43 PM

সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গোৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, “আপনারা নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা করুন। মায়ের কাছ প্রার্থনা করুন শেখ হাসিনার জন্য। উনাকে একুশবার হত্যার চেষ্টা হয়েছে। উনার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে।

“কিন্তু সৃষ্টিকর্তা উনাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয় এদেশের মানুষের ভালো কিছু করার জন্য। সেই ভালো করার চেষ্টা তিনি নিরন্তর করে যাচ্ছেন। সুতরাং তিনি থাকলে আমরা সবাই ভালো থাকব।”

দুর্গোৎসব উপলক্ষে শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইন মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নওফেল বলেন, “অনেক কষ্টের মধ্যেও, কিছু ভালো না থাকার মধ্যেও বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। কারণ আমাদের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, যিনি মাতৃরূপে আমাদের সকলকে আগলে রেখেছেন।

“শেখ হাসিনার নেতৃত্ব যদি অব্যাহত না থাকে, তাহলে আমাদের হয়ত এই ভালো থাকাও হবে না। এটা বলছি, কারণ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। চারদিকে অনেক ষড়যন্ত্র হচ্ছে।”

চট্টগ্রাম-৯ আসনের এ সংসদ সদস্য এও বলেন, “ষড়যন্ত্র দেখে জামায়াত ইসলামী এবং তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রশিবিরও ভয়ভীতি দেখাতে মাঠে নেমে গেছে। চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে লাঠিসোঁটা নিয়ে মহড়া দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে।

“চোখের সামনে এই মহড়া প্রমাণ করে- তারা ভয়ঙ্কর কোনো অপকর্মের পরিকল্পনা করছে। আমরা ভয়ভীতির তোয়াক্কা করি না। আমরা ঐক্যবদ্ধ আছি, শক্তিশালী আছি। সুতরাং তারা কিছুই করতে পারবে না। আমাদের এই ষড়যন্ত্র ভেঙে ফেলতে হবে।”

অনুষ্ঠানে নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের এক হাজার নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।

ব্যবসায়ী শুকলাল ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক ও আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম ও রুমকী সেনগুপ্ত, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ব্যবসায়ী প্রনব ধর ও যুবনেতা বলরাম চক্রবর্তী।