চা শ্রমিকদের সমর্থনে চবিতে মানববন্ধন
জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে।
চা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন করেছে জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি মাসরুর আহমেদ বলেন, চা শ্রমিকদের অসহায়ত্বকে কাজে লাগিয়ে তাদের ‘জিম্মি’ করা হচ্ছে।
“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একজন শ্রমিকের ১২০ টাকায মজুরিতে পরিবারের দিনের ভরণপোষণ সম্ভব নয়। তাই কর্তৃপক্ষকে বাংলাদেশের নাগরিক হিসেবে চা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।”
জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নয়ন চন্দ্র মোদক বলেন, “আমি শ্রীমঙ্গলের মানুষ। চা শ্রমিকদের দুঃখ-দুর্দশা আমি নিজের চোখে দেখেছি। আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই শোষিত নিষ্পেষিত জনতার পাশে দাঁড়িয়েছেন।
“এমনকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও চা শ্রমিকদের মজুরি পূর্বে ৩০ টাকা থেকে ৬০ টাকা করে ছিলেন। তাই আমরা আশা করছি প্রধানমন্ত্রী এবারও তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করবেন।”
তাদের সাথে সংহতি পোষণ করে মানববন্ধনের অংশগ্রহণ করে গ্রিন ভয়েস নামে একটি সংগঠন।
