নির্বাচনী ব্যবস্থা প্রশ্নে আলোচনার তাগিদ
“বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ, কিন্তু সকলের অধিকার প্রতিষ্ঠা আমরা এখনও করতে পারিনি,” বলেন এম হুমায়ুন কবির।
সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা হলে নির্বাচনী ব্যবস্থা নিয়ে উত্তরণের পথ বের হতে পারে বলে মত এসেছে চট্টগ্রামের এক অনুষ্ঠানে।
বৃহস্পতিবার দুপুরে পর্যটন মোটেল সৈকতে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত মতবিনিময় সভায় রাজনীতিক, পেশাজীবী সংগঠনের নেতা, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠকরা আলোচনায় অংশ নেন।
‘দ্বৈত উত্তরণ: নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ-জনপ্রত্যাশা ও অংশীজনদের দায়িত্ব’ শিরোনামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, “নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা এসেছে। সেটা নিয়ে কাজ করা যায়। আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বিএনপির ভাইরা বলেছেন। কিন্তু তারা সংসদ থেকে চলে এসেছেন।
“সেখানে তারা এ দাবির কথা বলতে পারতেন। তারা নির্বাচিত হলে সংসদে এ ব্যবস্থা আনতে পারেন, যাতে ভবিষ্যতে তারা এটা জারি রাখতে পারেন।”
উন্নয়নের সুফল সাধারণ মানুষ ভোগ করছে মন্তব্য করে সুজন বলেন, “এখন অনেক বিদেশিরা নির্বাচন নিয়ে সরব। তারা একাত্তরেও আমাদের বিরোধিতা করেছিল। আমরা জয়ী হয়েছি। আমরা দেশের মানুষ এক হলে, কেউ কিছু করতে পারবে না।
“আসুন সকল দেশপ্রেমিক শক্তি একমত হই। আমরা এক মায়ের সন্তান। জেল-জুলুম মামলা আমরাও ভোগ করেছি। ঢিল মারলে পাটকেল খেতে হয়। আসুন অঙ্গীকার করি, কেউ কাউকে মারব না। নির্বাচন ভালো হতে হবে এটাতে আমরা সবসময় একমত। পদ্ধতি নিয়ে দ্বিমত আছে। নিজেরা আলাপ করে ঠিক করি পদ্ধতি কি হবে।”
অর্থনীতি একটি দেশের অগ্রগতির মূল ভিত্তি মন্তব্য করে তিনি বলেন, “এখানে টাকা পাচারের কথা এসেছে। দেশের সম্পদ অতীতেও পাচার হয়েছে। যারা সম্পদ পাচারকারী, তারা বিশ্বাসঘাতক। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”
নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মফিজুল হক ভুঁইয়া বলেন, “আইনজীবী হিসেবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চট্টগ্রামের ১৬টি থানায় ১০২৭টি মামলা এখন আমার হাতে। আরো মামলা আছে। এসব মামলা দিয়েছে প্রশাসন। আমীর খসরু মাহমুদ চৌধুরীর মত একজনের বিরুদ্ধে ৯টি মামলা। ডা. শাহাদাতের বিরুদ্ধে ৯৮টা মামলা।
“গায়েবি মামলায় আমরা হাবুডুবু খাচ্ছি। আপনারা ভোট করতে চান। গণতন্ত্রের পূর্ব শর্ত ভোট। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট গ্রহণযোগ্য হয়, তাহলে তা দিতে সমস্যা কী? একে অন্যের মতের প্রতি সহিষ্ণুতা থাকতে হবে। একজন আরেকজনকে সহ্য করতে না পারলে গণতন্ত্র হবে না। তত্ত্বাবধায়ক সরকার শব্দ এটাতে যদি আপত্তি থাকে তাহলে অন্য নাম দেন।”
বিইআই’র প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, “শান্তির জন্য আলোচনা। মত-পথের পার্থক্য থাকতেই পারে। দেশ এখন যে পরিস্থিতিতে তাতে কেউ সংঘাত চায় না। গত ৫২ বছরে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। সেটা ধরে রাখতে চাইলে শান্তির প্রয়োজন।
“অশান্তি শুধু অগ্রগতি থামায় না, সমাজকে ভেঙে দেয়। আমরা যথেষ্ট আত্মত্যাগ করেছি। আর বিধ্বংসী কিছুর প্রয়োজন নেই। মহান মুক্তিযুদ্ধের সেই আত্মত্যাগ মাথায় রেখে সমাজকে এগিয়ে নিতে হবে। গভর্নেন্সে আমাদের সমস্যা বহুকালের। সেটা কোনো এক দলের সমস্যা না, সকল দলের সমস্যা।”
এম হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ। কিন্তু সকলের অধিকার প্রতিষ্ঠা আমরা এখনো করতে পারিনি। তাই সবাইকে সচেতন হতে হবে। সমাজ ডিজিটাল হয়ে যাচ্ছে। এর পরিবর্তন ইতিবাচক না নেতিবাচক? ডিজিটালাইজেশেন কিন্তু সমাজের কাঠামো বদলে দিচ্ছে। আমাদের সনাতন মূল্যবোধগুলো কীভাবে টিকিয়ে রাখব সেই আলোচনাও জরুরি।
“মোটা দাগে বিনিয়োগ, ব্যবসা নীতি, নারীর অগ্রযাত্রা নিয়ে দলগুলোর মধ্যে তেমন মত পার্থক্য নেই। পার্থক্য আছে রাজনৈতিক ব্যবস্থাপনায়। এতে ঐক্যমতে পৌঁছাতে হবে। শান্তিপূর্ণ- গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া প্রয়োজন। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন খুব জরুরি। দেশের ৮টি স্থানে আমরা এ মত বিনিময় করেছি। আজসহ সারাদেশেই সংখ্যানুপাতিক (প্রাপ্ত মোট ভোটের শতাংশের ভিত্তিতে সংসদে আসন বণ্টন) প্রতিনিধিত্বের প্রস্তাবটি এসেছে। এটি বিবেচনা করা যায়।”
সিপিবি জেলা সভাপতি অশোক সাহা বলেন, “হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হচ্ছে। ঋণ খেলাপির সংখ্যা বাড়ছে। ব্যবসায়ী ও কোটিপতিদের হাতে রাজনীতি জিম্মি। রাজনীতি ও চাঁদাবাজি একযোগে চলছে। সুষ্ঠু নির্বাচন না হলে কোনো ধরণের সরকারই টেকসই হবে না।”
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ বলেন, “নির্বাচন কীভাবে করব? রাতের নির্বাচন হলে আমরা যাব না। ঢাকা-১৭ তে কত ভোট কাস্ট হয়েছে? এভাবে হলে কেউ যাবে না।
“কথা এসেছে তত্ত্বাবধায়ক। কিন্তু তত্ত্বাবধায়ক কাকে দেবেন? আগেও তো দিয়েছিলেন। তারা কি করেছিল? সুষ্ঠু ভোট দেন। উন্নয়ন ধারাবাহিক প্রক্রিয়া। সব আমি একা করছি তা নয়। জনগণ চায়, জনগণের টাকায় উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হতে হবে দুর্নীতি মুক্ত। শুধু উন্নয়ন করলে হবে না। ভবিষ্যত প্রজন্মকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।”
জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল বলেন, “রাজনীতির যে অবস্থা তাতে কোনো সৎ লোকের পক্ষে ভোটে জেতা সম্ভব না। দেশ যেন দুই দলের শুধু। অন্য কারো কি মতামত নেই? দুর্নীতিবাজদের বিরুদ্ধে, মাফিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই।
“ভোটের কাঠামো পরিবর্তন দরকার। নির্বাচন কমিশনের অধীনে ভোটের আয়োজন হোক। তারাই সব প্রার্থীকে নিয়ে সকল আসনে সভা করবে। প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে সংসদে প্রতিনিধি যেতে হবে। তাহলে সত্যিকার জনমতের প্রতিফলন হবে।”
পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, “রাজনীতিবিদরা তাদের কাজ করবেন। আমরা পেশাজীবীরা সময়মত ভয়েস রেইজ করছি বলে মনে হয় না। সমাজের নানা অংশের প্রতিনিধিরা অন্যায় হলেও প্রতিবাদ করছে না। সমাজের মধ্যকার যে সম্পর্ক তা সতেজ নয়।
“বিদেশি কূটনৈতিদের আমরা সকলে মিলে তোয়াজ করছি। যেন জনগণের কোনো প্রয়োজন নেই। ভবিষ্যত প্রজন্মের আশা কী? ইচ্ছা মত টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা বন্ধ করা হোক। দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ী যেন ভোটে দাঁড়াতে না পারে।”
বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান বলেন, “আগামী নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে সংবিধানে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন প্রয়োজন। জবাবদিহিতা পুরোপুরি আনতে হবে। উন্নয়ন হয়েছে। সাতটা লাইসেন্স আনতে সাত জায়গায় যেতে হয়। আবার ঘুষও দিতে হয়।
“উন্নয়ন সহজ। দুর্নীতি, অনিয়ম, হয়রানি বন্ধ করতে কোনো সরকার পারেনি। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, “নির্বাচনের সঠিক পথ কী হবে তা নিয়ে মানুষও ভাবছে। সংকট উত্তরণে জাতীয় পর্যায়ে ডায়লগ প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে। তিনি উদ্যোগ নিলে সমাধান হবে আশা করি। উন্নয়নের মর্যাদা যেমন দেশের প্রয়োজন তেমনি সত্যিকারের সক্ষমতা অর্জনও জরুরি।”
অন্যদের মধ্যে নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, সিপিবি নেতা অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়বাদী শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক নসরুল কদির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো শফিকুল ইসলাম, ইউনাইটেড ল'য়ার ফ্রন্ট চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহুরুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহিদুল করিম কচি, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, ব্রাইট বাংলাদেশ ফোরামের উৎপল বড়ুয়া, নজরুল ইসলাম আশরাফী সভায় বক্তব্য দেন।
